পবিপ্রবিতে শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ, প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তার বহিষ্কারের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সকল ক্লাস কার্যক্রম ও পরীক্ষা বর্জন করেছে শিক্ষক সমিতি। অভিযুক্তের শাস্তি না হওয়া পর্যন্ত রবিবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জনসহ লাগাতার আন্দোলন করছেন সাধারণ শিক্ষকরা।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি।
পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানসহ সাধারণ শিক্ষকরা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এদিকে শিক্ষক সমিতির চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন অনুষদের সম্মিলিত ছাত্র সমন্বয় পরিষদের ব্যানারে মুখে কালো কাপড় বেঁধে ক্যাম্পাসে মৌন প্রতিবাদ মিছিল করেছে সাধারণ শিক্ষকরা।
উল্লেখ্য, গত শনিবার রাত ৯টায় পবিপ্রবির কৃষিকুঞ্জের ডাইনিং রুমে এনএফএস অনুষদের সহকারী অধ্যাপক নজরুল ইসলামকে সাম্প্রতিক নিয়োগপ্রাপ্ত শিক্ষক শেখ তানজিলা দোলার পক্ষ নিয়ে প্রভিসি’র পিএ সামসুল রাসেল অকথ্য ভাষায় গালাগালসহ শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে।
এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছে। মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিলের শেষ দিন ছিল।
