দুই মেয়েকে বিষপান করিয়ে মায়েরও বিষপান

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের হাজীগঞ্জে দুই মেয়ে শিশুকে বিষপান করিয়ে, মা নিজেও বিষপান করেছেন। এতে মায়ের মৃত্যু হয়েছে। বিষপানে তার দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার রাতে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের শ্রীপুর উত্তর গ্রামে ঘটনাটি ঘটে।

চাঁদপুর ২৫০ শয্যা সরকারি হাসপাতাল সূত্র জানায়, বিষপান করা গৃহবধূর নাম তানিয়া আক্তার (২৭)। হাসপাতালে আসার পূর্বেই তিনি মারা গেছেন। তবে তার বিষপান করানো তাবাচ্ছুম (৬) ও ফাতেহা (৪) নামে দুই শিশু সন্তান চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে।

তানিয়ার স্বজন আছমা বেগম বলেন, মালেয়েশিয়া প্রবাসী কাউসারের স্ত্রী তানিয়া। প্রায় এক বছর আগে কাউসার বিদেশে যায়। আর বিদেশে যাওয়ার পর থেকে তাদের মধ্যে দূরত্ব ও পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ নিয়ে তানিয়া মনঃক্ষুণ্ন ছিলেন। ধারণা করা হচ্ছে, রাতে তানিয়া এই বিষপানের ঘটনাটি ঘটিয়েছেন।
চাঁদপুর ২৫০ শয্যা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা বলেন, শিশু দুইটিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে। তবে শিশু দুইটি এখনও আশঙ্কামুক্ত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights