সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

সিলেট ব্যুরো :

গ্যাসের সংকট নিরসনসহ ৫ দফা দাবিতে সিলেট জেলায় আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

গত রবিবার মহানগরের কোর্ট পয়েন্টে একটি মানববন্ধন কর্মসূচি থেকে এ কর্মসূচির ডাক দেয় সংগঠনটি। গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিনভর মাইকিং করে সিলেটে কর্মবিরতি পালনের আহ্বান জানানো হয় পরিবহন শ্রমিকদের।

পরিবহন নেতারা বলছেন- সিলেটে বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে। প্রতিদিন বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে গ্যাস পাচ্ছে না পরিবহন শ্রমিকরা। গত কয়েক বছরে গ্যাসের সংকট সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট মহলে বারবার ধর্ণা দিয়েও সমাধান মিলছে না। বেশ কয়েক বার আন্দোলনও করা হয়েছে। কিন্তু অবস্থা তথৈবচ। ফলে বাধ্য হয়েই তারা এবার ‘কঠোর’ আন্দোলনের পথ বেছে নিয়েছেন।
মঙ্গলবার দুপুরে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম সিলেটভিউ-কে বলেন, তেল-গ্যাসে ভরপুর সিলেট। আর সেই সিলেটবাসীকেই বঞ্চিত করা হচ্ছে এ সম্পদ থেকে। এটা সিলেটবিদ্বেষমূলক ও গভীর ষড়যন্ত্র। এই সমস্যার স্থায়ী সমাধান ও বিভিন্ন সময় গাড়ি পুড়ানো মামলায় শ্রমিকদের জড়িয়ে হয়রানি করাসহ ৫ দাবিতে বুধবার ভোর থেকে সিলেট জেলায় পরিবহন শ্রমিকরা অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন। প্রয়োজনে পুরো বিভাগ অচল করে দেওয়া হবে।

এদিকে, আজ ভোর থেকেই সিলেটের সড়কগুলো যানবাহনহীন। বাস স্টেশনগুলো থেকে ছেড়ে যাচ্ছে না আঞ্চলিক ও দূরপাল্লার বাস। চলাচল করছে না কোনো ধরনেরই যানবাহন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights