যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বগুড়ার নান্টু প্রামানিক (৩০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাত ৮টার দিকে বগুড়া র‌্যাব-১২ ও র‌্যাব-৪ সাভারের যৌথ অভিযানে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া নান্টু প্রামানিক বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার শৈধুকুরীর মৃত নাজির উদ্দিন ফকিরের ছেলে।

রবিবার দুপুর ১২টার দিকে বগুড়া র‌্যাবের স্কোয়াড কমান্ডার মো. সোহেল রানা এক প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।
র‌্যাবের এই কর্মকর্তা জানান, ২০১৫ সালে মানিকগঞ্জের ঘিওর থানার রোস্তম আলীর তিন বছরের শিশুকে অপহরণ করে আসামি নান্টু প্রামাণিক। এরপর শিশুটির পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি। পরে এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় শিশুটির বাবা অভিযোগ করেন। একপর্যায়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। সেই সাথে আসামি নান্টুকে গ্রেফতার করা হয়। এরপর ২০২৩ সালের ১ নভম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আসামি নান্টুর যাবজ্জীবন সাজা হয়। কিন্তু এর আগে জামিনে বের হয়ে তখন থেকেই দীর্ঘদিন পলাতক ছিলেন সাজাপ্রাপ্ত এই আসামি।

তিনি আরও জানান, গোপন সংবাদে জানা যায় আসামি গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অবস্থান করছে। শনিবার রাত ৮টার দিকে সেখানে র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-৪ সাভারের যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights