বরিশালে দুদকের মামলায় ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কারাগারে
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান পান্নাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার সহকারী কর্মকর্তা পান্না বিভাগীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মিজানুর রহমান পান্না বরিশাল নগরীর কাউনিয়া মনসা বাড়ি এলাকার বাসিন্দা।
আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার জানান, দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৬ লাখ ২৩ হাজার ৭১৭ টাকার তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত ৩৫ লাখ ২৫ হাজার ৩১৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে পান্নার বিরুদ্ধে। এ ঘটনায় ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার একটি মামলা করেন। ২০২৩ সালের ১০ আগস্ট সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা চরকাউয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মিজানুর রহমান পান্নাকে একমাত্র অভিযুক্ত করে আদালতে এ মামলার অভিযোগপত্র দেন।
