রমজানের পবিত্রতা রক্ষার্থে ফুলপুরে রেস্তোরাঁ বন্ধের দাবি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

আসন্ন রমজানুল মোবারক মাসের পবিত্রতা রক্ষার্থে ময়মনসিংহের ফুলপুরে হোটেল রেস্তোরাঁ ও চা স্টলসহ খাবারের সকল দোকানপাট বন্ধ রাখার দাবি জানানো হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে ইত্তেফাকুল উলামা ও ইমাম পরিষদ, ফুলপুর শাখার উদ্যোগে উপজেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের নিকট লিখিতভাবে এ দাবি জানানো হয়। এ ব্যাপারে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি আবেদন পত্র হস্তান্তর করা হয়।

এ সময় ইত্তেফাক নেতা ও ইমাম পরিষদ, ফুলপুর শাখার সভাপতি ছনকান্দা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মুহিউদ্দিন, শায়খে বালিয়ার খলিফা জামিয়া গিয়াছ উদ্দিন (রহ্) -এর মুহতামিম মুফতি আজীমুদ্দীন শাহ জামালী, কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতী জয়নুল আবেদীন, হরিণাদী ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আতাউল্লাহ ফকির, রমিজিয়া মহিলা মাদরাসার পরিচালক ক্বারী সুলতান আহমদ, দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক ও বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নান, জামিয়াতুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. বি. এম. আরিফুল ইসলাম বলেন, রমজানের সম্মান রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights