রাস্তায় বসে ইফতার করলেন অনেকে

রমজানে পরিবার, বন্ধু বা পরিচিতজনদের সঙ্গে ইফতার করেন অনেকেই। তবে ব্যস্ততম রাজধানীতে জীবিকার তাগিদে অনেকেই পরিবার ছাড়া বাইরে ইফতার করেন। তাদের মধ্যে কাউকে ইফতার সারতে হয় রাস্তায় বসে।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় ইফতারের মুহূর্তে রাজধানীর নিউমার্কেট, নীলক্ষেত এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র। এরমধ্যে অনেকেই বাসের যাত্রী, রিকশাচালক, ফুটপাতের দোকানি। বাসের অনেক যাত্রী শুধু পানি দিয়েই ইফতার করেন।

ইকরামুল নামের এক ব্যক্তি বলেন, ‘গুলিস্তান কাজে গেছিলাম। ফিরতে দেরি হয়ে গেলো। বাসে থাকা অবস্থায় আজান দিছে। পানি খেয়ে রোজা ভাঙলাম। বাসায় গিয়ে খেয়ে নেবো।’

রাজধানীর এ এলাকায় সড়কের পাশ ধরে ফুটপাতে অনেক দোকান রয়েছে। এসব দোকানিকে পণ্য বিক্রির পাশাপাশি ইফতারির প্রস্তুতি নিতে দেখা গেছে।

নিউমার্কেটের সামনে ভ্যানে পাঞ্জাবি বিক্রি করছেন সুজন। তিনি বলেন, দুপুরের পর দোকান বসাইছি। বিকেলে আর সন্ধ্যার পর বিক্রি বেশি হয়। বাসায় ইফতার করতে গেলে তো ব্যবসা করতে পারবো না। ইফতারি কিনে আনছি। এখানেই করে ফেলবো।

নিউমার্কেট থানাধীন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে রিকশায় বসে ইফতার করছেন রিকশাচালক জহিরুল।

তিনি বলেন, ‘সারাদিন রোজা ছিলাম। কষ্ট করে রিকশা চালাইছি। এহনও বাসায় যাইতে দেরি হইবো। তাই রিকশায় বইসা ইফতার করতাছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights