নিপাহ ভাইরাসের জন্য ২৮ জেলাকে সতর্ক করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘নিপাহ ভাইরাস একটি মারাত্মক ভাইরাস। এই ভাইরাসে আক্রান্তের মৃত্যুর হার ৭৫ ভাগ। এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই, কোনো ওষুধ ও চিকিৎসা নেই। তাই আমাদের সাবধান থাকতে হবে। বাদুরের খাওয়া ফল ও খেঁজুরের রসের মাধ্যমে নিপাহ ছড়ায়। তাই খেঁজুরের রস খাওয়া থেকে আমাদের সতর্ক থাকতে হবে।’

‘আমাদের দেশে এবার ৮ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫ জন মৃত্যুবরণ করেছে। নতুন কোনো আক্রান্ত নেই। নিপাহ ভাইরাসের জন্য ২টি হাসপাতালে ২৫ বেডের ইউনিট খোলা হয়েছে এবং ২৮টি জেলাকে সতর্ক করা হয়েছে।’

আজ শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জে এক মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতারা গুজব ছড়িয়েছিলো যে, গঙ্গার পানি ভরে মানুষকে টিকা দেওয়া হচ্ছে। এসব গুজব ছড়িয়ে কোনো লাভ হয়নি। বাংলাদেশের ৯০ ভাগ মানুষ ভ্যাকসিন নিয়েছে। সারাবিশ্বে বাংলাদেশ ভ্যাকসিনে ৫ম হলেও জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশ বিশ্বে প্রথমস্থান অর্জন করেছে।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘যে দলের নেতারা সাজাপ্রাপ্ত, বিদেশে পালিয়ে আছে, ওই দলের কোনো ভবিষ্যৎ নেই। যে দল বাংলাদেশের কোনো উন্নয়ন করতে পারবে না তাদের কাছে দেশ নিরাপদ নয়। শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ শেখ হাসিনাকে বেছে নেবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights