ব্রাহ্মণবাড়িয়ায় প্রাচীন কালভৈরব মন্দিরে যজ্ঞ মহোৎসব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় তিন’শ বছরের প্রাচীন মন্দির শ্রী শ্রী কালভৈরব মন্দিরে ৬ দিনব্যাপী পূজার যজ্ঞ ও মহোৎসব শুরু হয়েছে।

শনিবার সকালে শহরের মেড্ডা এলাকায় শ্রী শ্রী কালভৈরব মন্দিরে বৈদিক পতাকা উত্তোলনের মাধ্যমে ৬ দিনব্যাপী যজ্ঞ ও মহোৎসবের উদ্বোধন করেন মন্দির কমিটির সভাপতি পলাশ ভট্টাচার্য। এসময় বাংলাদেশর বিভিন্ন স্থানসহ ভারত থেকে আগত পুরোহিত পন্ডিতসহ স্থানীয় ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে দুপুরে জীব জগতের কল্যান কামনায় সপ্তশতী চন্ডী মহাযজ্ঞ শুরু হয়। এতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তবৃন্দরা যজ্ঞের আহুতি হিসেবে ফল, ফুল, দূর্বা, বেলপাতাসহ বিভিন্ন পূজার সামগ্রী যজ্ঞ স্থলে প্রদান করেন।
আয়োজকসহ পুরোহিতেরা জানান, ৩’শ বছর পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা দূর্গাচরন আচার্য্য স্বপ্নাদিষ্ট হয়ে শহরের মেড্ডা এলাকার তিতাস নদীর তীরে শ্রী শ্রী কালভৈরব মন্দির প্রতিষ্ঠা করেন। এরপর থেকে জীব জগতের কল্যাণ কামনায় প্রতি বছর এই যজ্ঞ অনুষ্ঠান হয়ে আসছে। পরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী ডিনামাইটের মাধ্যমে ২৪ ফুট উচু কালভৈরব মূর্তির ক্ষতিসাধন করা হয়। এর পর স্বাধীনতা পরবর্তী সময়ে বেশ কয়েক বছর পূজা-উৎসব বন্ধ থাকে। পরে বিশ্ববরেণ্য দার্শনিক ভারত শিরোমনি খ্যাত ড. মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ স্থানীয় ভক্তদের সহযোগিতায় কাল ভৈরব মন্দিরটির পুণপ্রতিষ্ঠা করেন। এর পর থেকে গত ৪৬ বছর ধরে পুনপ্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।

এ দিকে ৬ দিনব্যাপী যজ্ঞ উৎসবকে কেন্দ্র করে শ্রী শ্রী কালভৈরব মন্দির আশেপাশে বসেছে লোকজ মেলা। মেলায় নাগরদোলাসহ খেলনা সামগ্রী, মাটির সামগ্রীসহ হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights