লিবিয়ার গণকবরে ৬৫ অভিবাসীর লাশ

অনলাইন ডেস্ক
লিবিয়ার একটি গণকবরে অন্তত ৬৫ অভিবাসীর মরদেহ পাওয়া গেছে। জাতিসংঘ এই তথ্য জানিয়েছে। মৃত এসব অভিবাসী ঠিক কোন দেশের নাগরিক তা জানা যায়নি।

এছাড়া কোন পরিস্থিতিতে তাদের মৃত্যু হয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত সে বিষয়ে কিছু জানা যায়নি।

লিবিয়ার উপকূল থেকে যাত্রা শুরু করা কমপক্ষে ৬০ অভিবাসী রাবারের ডিঙ্গি নৌকায় ভূমধ্যসাগরে পাড়ি দেওয়ার সময় মারা যাওয়ার পরে গণকবর আবিষ্কারের এই বিষয়টি সামনে এল।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)জানিয়েছে- লিবিয়ায় অন্তত ৬৫ অভিবাসীর মৃতদেহ সম্বলিত একটি গণকবর পাওয়া গেছে।

আইওএম বলেছে, ঠিক কোনও পরিস্থিতিতে এসব অভিবাসীর মৃত্যু হয়েছে এবং তাদের জাতীয়তা কী তা এখনও অজানা। তবে তাদের বিশ্বাস, মরুভূমির মধ্য দিয়ে ভূমধ্যসাগরের দিকে পাচার হওয়ার সময় এসব অভিবাসী মারা গেছেন।

জাতিসংঘের অংশ এই সংস্থাটি বলেছে, অভিবাসীদের গণকবর আবিষ্কারের ঘটনায় তারা ‘গভীরভাবে হতবাক’ হয়েছে।

এই ঘটনায় লিবিয়া তদন্ত করছে বলে জানিয়েছে আইওএম। আর ওই গণকবরটি দক্ষিণ-পশ্চিম লিবিয়ায় পাওয়া গেছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এর আগে আইওএম এই মাসের শুরুতে বলেছিল, এক দশক আগে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে ২০২৩ সালটি ছিল অভিবাসীদের জন্য সবচেয়ে মারাত্মক বছর। এই বছর বিশ্বব্যাপী বিভিন্ন অভিবাসন রুটে কমপক্ষে ৮ হাজার ৫৬৫ জন মারা গেছে।

আর এই সংখ্যাটি আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেশি। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights