সেই দুর্ঘটনার কথা মনেই করতে চান না পান্ত!

ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে স্বাভাবিক অবস্থায় ফিরতে লেগে গেছে অনেকটা সময়। সেই কঠিন সময় পার করে অবশেষে কদিন আগেই সুস্থ হয়ে উঠেছিলেন। এবার চেনা আঙ্গিনা মাঠেও ফিরলেন ঋষভ পান্ত।

অবশ্য গাড়ি দুর্ঘটনার কথা মনেই করতে চাইছেন না পান্ত। পাঞ্জাব কিংসের বিপক্ষে টসের পরে তাকে প্রশ্ন করা হয় সেই দুর্ঘটনা নিয়ে। সেখান থেকে ফিরে আসা নিয়ে। জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্ত আমার কাছে খুব আবেগের। কিন্তু খুব বেশি ভাবছি না। দুর্ঘটনার কথা এখন মনে রাখতে চাই না। এতদিন পরে মাঠে নেমেছি। খেলা উপভোগ করতে চাই।’

বাংলাদেশের বিপক্ষে সফর শেষ করেই ২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন পান্ত। মহাসড়কে রাস্তার ডিভাইডারে ধাক্কা খেয়ে পান্তের গাড়িতে আগুন লেগে গিয়েছিল। সংশয় ছিল তার জীবন নিয়েও। দুর্ঘটনার পর প্রথমে তাকে দেরাদুনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মুম্বাইয়ে ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। তার মাথা, পিঠ এবং হাঁটুতে চোট ছিল। অস্ত্রোপচারও করানো হয়। সেখান থেকে দীর্ঘ পুনর্বাসন শেষে আবারও মাঠে ফিরলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights