চট্টগ্রামে অগ্নিকাণ্ডের সময় কারখানা বন্ধ ছিল, হতাহত নেই

চট্টগ্রাম নগরীতে একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে।

শুক্রবার বিকালে নগরীর বায়েজিদ বোস্তামি থানার এলাকা চীনা বিনিয়োগকারীর মালিকানাধীন রং দ্যা ইন্টারন্যাশনাল নামে জুতার কারখানাটিতে অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় কারখানা বন্ধ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাস্থলে যাওয়া চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, বিকাল সোয়া ৪টায় অগ্নিকাণ্ডের সংবাদ পৌঁছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে জুতা তৈরির হিট মেশিন থেকে আগুনে সূত্রপাত হয়। তদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।
তিনি বলেন, এ কারখানায় ফুটসোল বানানো হয়। তাই সেখানে প্রচুর দাহ্য পদার্থ আছে। আগুনের সময় প্রচুর ধোঁয়া বের হয়। এজন্য আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়। ফায়ার সার্ভিসের প্রচেষ্টার কারণে আগুন কারখানার এক ফ্লোরেই ভেতরেই নিয়ন্ত্রণে রেখেছে।

সিএমপি’র বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, চীনা বিনিয়োগকারীর মালিকানাধীন রং দ্যা ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠানটিতে ফুটসোল প্রস্তুত হয়। বিকাল ৩টায় সবার ছুটি হয়ে যাওয়ায় কারখানার ভেতরে শ্রমিক-কর্মচারী কেউ ছিলেন না। এজন্য হতাহত হয়নি।

স্থানীয়রা জানান, বিকাল ৩টা পর্যন্ত এ কারখানায় কাজ করেন শ্রমিকরা। ছুটির পর কারখানা বন্ধ করে চলে যান শ্রমিক-কর্মকর্তারা। বিকাল ৪টার দিকে পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights