পাঁচদিন বন্ধ থাকার পর মিয়ানমার থেকে এলো বিস্ফোরণের শব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাত পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। রাখাইন রাজ্যে সর্বশেষ গত ৩০ মার্চ ওপার থেকে এপারে বিস্ফোরণের শব্দে ভেসে এসেছিল। এরপর পাঁচ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে এপারের সীমান্তে আবারও বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।

বিকাল সাড়ে ৩ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সীমান্তের কিছু কিছু জায়গায় বিস্ফোরণের শব্দ শুনেছেন সীমান্তের বাসিন্দারা। সীমান্তে বসবাসকারী বাসিন্দারা জানিয়েছেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাইক্ষংখালী, মৌলভীবাজার, ওয়াব্রাং, পুরানবাজার, ফুলের ডেইল, চৌধুরীপাড়া, সাইটপাড়া, রঙ্গিখালী, আলীখালি, লেদা, মুচনী,জাদীমুড়া, দমদমিয়া, টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া, চৌধুরীপাড়া, কেকে পাড়া, জালিয়াপাড়, সদর ইউনিয়নের কেরুনতলী, বরইতলী থেকে শুরু করে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া, ঝিনা পাড়া, হারিয়াখালি শাহপরীর দ্বীপের নাফনদীর ওপারে বিস্ফোরণে বিকট শব্দ হচ্ছে। বিস্ফোরণের শব্দ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত অব্যাহত ছিল। সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন।

নাফনদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের উত্তরের বলিবাজার, নাকপুরা, দক্ষিণে মেরুল্লা, হাইসস্যুরাতা, ফাদেংছা, মগনিপাড়া, মাঙ্গেলাখাল, ঢংখালী, উদং, মদিনাপাড়া, হইজ্জারবিল, দোংছে, বারিঙ্গার ডেইল, গড়াখালীসহ নাইক্ষ্যংদিয়া, মাঝামাঝি সিকদারপাড়া, দলিয়াপাড়া, কদিরবিল, নুরুল্যাহপাড়াকে ঘিরে গোলাগুলি মর্টার শেলসহ নানা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
টেকনাফ স্থলবন্দরে আমদানি পণ্য নিয়ে আসা মিয়ানমারের কয়েকজন ব্যবসায়ী বলছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকায় এখন আরাকান আর্মির দখলে। সম্ভবত ওই এলাকা পুনরুদ্ধারে মিয়ানমারের জান্তা বাহিনী চেষ্টা করছে। এর জেরে হামলা হচ্ছে।

হ্নীলা এলাকার বাসিন্দা মো. রফিক বলেন, কয়েকদিন শান্ত থাকার পর আবারও হ্নীলা সীমান্তে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার সকালে হঠাৎ বিস্ফোরণের শব্দে চমকে উঠি। হ্নীলা পুরান বাজার এলাকার মো. আলম শাহীন বলেন, টানা ৫ দিন পর মিয়ানমারের অভ্যন্তরে ফের মর্টার শেলের শব্দে আতঙ্কিত হচ্ছি আমরা। সকাল থেকে থেমে থেমে গোলাবর্ষণের বিকট শব্দে আমরা ঘুমাতে পারিনি। এগুলো বন্ধ না হলে আমরা অসুস্থ হয়ে পড়ব।

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, গত ৫ দিন ধরে হ্নীলা সীমান্তের ওপারে মিয়ানমারের গোলাগুলির শব্দ শোনা যায়নি। বৃহস্পতিবার সকাল থেকে আবারও থেমে থেমে বিকট শব্দ শোনা যাচ্ছে।

সাবরাংয়ের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও সকাল থেকে বিকট শব্দ শোনা যাচ্ছে। নাফনদীর ওপারে আবারও সংঘর্ষ চলছে।

সেন্টমার্টিনের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ আলম বলেন, গত ৫ দিন ওপার থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। হঠাৎ সেন্টমার্টিনে সকাল থেকে থেমে থেমে বিকট শব্দ শোনা যাচ্ছে। দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়েছে।

টেকনাফ- ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, সীমান্তের এই পরিস্থিতিতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights