‘ফেভারিট’ ভারতকে উড়িয়ে ফাইনালে নেপাল

অনলাইন ডেস্ক
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অন্যতম ফেভারিট ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নেপাল।

মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ১-৩ গোলে ভারতকে হারিয়ে টুর্নামেন্ট জমিয়ে তুলেছে নেপাল।

নেপালের বিপক্ষে শুরুতে এগিয়ে যায় ভারত। ম্যাচের ২১ মিনিটে ডানদিক থেকে সুমিতা কুমারীর স্কয়ার পাস গোলমুখ খুলে দেয়; ফাঁকা পোস্টে বল পাঠাতে কোনো ভুল করেননি অপূর্ণা নারজারি। এক গোলের লিড ধরে রেখে মাঝ বিরতিতে যায় ভারত। বিরতির পর খেলা পাল্টে যায় নেপালের।
সমতাসূচক গোলের পর ভারতকে রীতিমতো চেপে ধরে দলটি। ৪৮ মিনিটে সুভাঙ্গি সিংয়ের ব্যাকপাস ক্লিয়ার করতে সময় নেয়া ভারতীয় গোলরক্ষক আনশিকার কাছ থেকে বল কেড়ে নেন নেপাল ফরোয়ার্ড আমিশা কারকি, ফাঁকায় বল পাওয়া অঞ্জলি চাঁদ স্কোরলাইন ১-১ করেন।

৫২ মিনিটে আমিশা কারকি সরাসরি ভারত গোলরক্ষকের হাতে মেরে সুযোগ নষ্ট করেন। পরের মিনিটে আমিশার দূর্বল শট সহজেই তালুবন্দী করেন ভারত গোলরক্ষক। ৬৮ মিনিটে ভারতের এক ডিফেন্ডার আমিশাকে বক্সে ট্যাকল করে পেনাল্টির বিপদ ডেকে আনেন।

স্পট-কিক থেকে দলের অধিনায়ক প্রীতি রায় গোল করে নেপালকে এগিয়ে দেন। ৭৯ মিনিটে ডানদিক থেকে দুই ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করে বক্সে প্রবেশ করা আমিশা কারকির শট কর্নারের বিনিময়ে রুখে দিয়েছেন ভারত গোলরক্ষক আনশিকা। ৮৯ মিনিটে প্রীতি রায়ের আড়াআড়ি পাস থেকে নেপালকে ৩-১ গোলে এগিয়ে নেন আমিশা কারকি।

তিন ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে তারা। ফাইনাল খেলতে হলে নেপালের জয় ছাড়া বিকল্প কোনো কিছু ছিল না। যদিও শক্তিশালী ভারতকে বলতে গেলে উড়িয়ে দিয়েছে তারা।

টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ভারতের ফাইনাল এখন বাংলাদেশ-ভুটান ম্যাচের ওপর নির্ভর করছে। ভুটানের বিপক্ষে ড্র করলেই ফাইনাল খেলবে বাংলাদেশ। তবে ভুটান বাংলাদেশকে হারালেই কেবল ভারতের ফাইনাল খেলার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ হারলে ভারত ও বাংলাদেশ উভয়ের সমান ৪ পয়েন্ট হবে। দুই দলের হেড টু হেডও ড্র। তখন গোল ব্যবধানে ভারত এগিয়ে থাকায় তাডরা ফাইনাল খেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights