নোবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিষ্ট্রারের পদত্যাগের পর দায়িত্ব পেলেন উপ-উপাচার্য

নোয়াখালী প্রতিনিধি

কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে ভারপ্রাপ্ত রেজিষ্ট্রারের পদত্যাগের পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মোহাম্মদ আব্দুল বাকীকে নতুন রেজিষ্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি উপ-উপাচার্যের পদের পাশাপাশি অতিরিক্ত হিসেবে ওই দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) উপাচার্য মো. দিদার-উল-আলম স্বাক্ষরিত এক চিঠিতে ওই আদেশ দেওয়া হয়েছে।

উপ-উপাচার্যকে রেজিষ্ট্রারের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। তিনি বলেন, উপ-উপাচার্য মহোদয় স্বীয় দায়িত্বের অতিরিক্ত হিসেবে রেজিষ্ট্রারের দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই আদেশ কার্যকর থাকবেন।
এর আগে ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিনকে অপসারণসহ আট দফা দাবিতে গত ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতি শুরু করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মকর্তা-কর্মচারীদের অন্যতম দাবিগুলো ছিল রেজিস্ট্রারের (অতিরিক্ত দায়িত্বে থাকা) পদ হতে সংশ্লিষ্ট ব্যক্তিকে (মো. জসীম উদ্দিন) অব্যাহতি প্রদান। যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে দ্রুততম সময়ের মধ্যে স্থায়ী পদে মুক্তিযুদ্ধের স্বপক্ষের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন রেজিস্টার নিয়োগ প্রদান। কর্মচারীদের সমিতি/ইউনিয়ন অনুমোদন প্রদান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights