বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক

বিসিবির ন্যাশনাল পুলে থাকা ক্রিকেটারদের ফিটনেস টেস্ট আজ। নতুন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে ফিটনেস পরীক্ষা দিলেন টাইগার ক্রিকেটাররা। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে ১৬০০ মিটার দৌড়েছেন ক্রিকেটাররা। একটিতে সবার আগে লক্ষ্যে পৌঁছেছেন তানজিম হাসান সাকিব, অন্যটিতে নাহিদ রানা।

এদিন সকালের রোদ্দুর তখনও ঠিকঠাক এসে পড়েনি বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এর আগেই এখানকার অ্যাথলেটিকস টার্ফে হাজির হন জাতীয় দলের ক্রিকেটাররা। এসময় দৌড়ানোর জন্য ৩৫জন ক্রিকেটার হাজির হন বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস টার্ফে। নতুন ফিটনেস ট্রেনার নাথান কেলির চাওয়া ছিল এটি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস ঠিক করতেই অ্যাথলেটিকস টার্ফের এই দৌড়। দুই দলে ভাগ হয়ে ১৬০০ মিটার দৌড়েছেন ক্রিকেটাররা। টি-টোয়েন্টি থেকে অবসরে নিলেও এদিন হাজির ছিলেন মুশফিকুর রহিমও। বেশ কিছু সময় তিনি ছিলেন সবার আগেও, তবে শেষ অবধি তাকে ছাড়িয়ে যান তানজিম হাসান সাকিব। আরেকটিতে মেহেদী হাসান মিরাজকে পেছনে ফেলে সবার আগে লক্ষ্যে পৌঁছান নাহিদ রানা।
দেশের বাইরে থাকায় এদিন অ্যাথলেটিক্স টার্ফে ছিলেন না সাকিব আল হাসান। ম্যাচ খেলার ক্লান্তিতে তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম; ইনজুরির কারণে ছিলেন না সৌম্য সরকার। তবে সুবিধাজনক সময় সবাইকেই এই ১৬০০ মিটার দৌড়াতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights