প্রকাশ্যে শটগান নিয়ে হুমকি তোলপাড়

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের দেশীপাড়া এলাকায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা পরিচয়ে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষকে জমির খুঁটি তুলে ফেলার জন্য হুমকি দিয়েছেন রাশেদুজ্জামান মাসুম। তিনি নিজেকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী বলে পরিচয় দিয়েছেন এবং অস্ত্রেরও লাইসেন্স আছে বলে দাবি করেছেন।

ভুক্তভোগী হারুন অর রশিদ জানান, দেশীপাড়া মৌজায় তার নানার কাছ থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ১ একর ৪২ শতাংশ জমি রাশেদুজ্জামান মাসুম ও তার পরিবারের লোকজন অন্যায়ভাবে দখল করে রেখেছেন। এ বিষয়ে আগে গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে আপস-মীমাংসার চেষ্টা করা হলেও মাসুম গং তাতে কর্ণপাত করেনি। এমতাবস্থায় তারা গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) অফিসে বিবিধ মিস মোকদ্দমা করে সম্প্রতি রায় পান। সে অনুযায়ী গত শনিবার সকালে তিনি পরিবারের লোকজন নিয়ে সার্ভেয়ার দ্বারা ওই জমি মেপে খুঁটি পুঁততে গেলে রাশেদুজ্জামান মাসুমসহ তার লোকজন সশস্ত্র অবস্থায় বাধা দেন। তারা শটগান উঁচিয়ে জমিতে পোঁতা খুঁটি তুলে ফেলতে এবং জমি থেকে চলে যেতে বলেন। মাসুম শটগান দিয়ে গুলি করারও হুমকি দেন। হারুন অর রশিদ জানান, একপর্যায়ে তাকে ওই জমি থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে তিনি এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন। এ ব্যাপারে রাশেদুজ্জামান মাসুম বলেন, ‘আমি পৈতৃক ওয়ারিশমূলে ওই জমির মালিক। আমার নিরাপত্তার জন্য লাইসেন্স করা অস্ত্র হাতে করে আমি ওইখানে গেছি। তবে হারুনকে আমি গুলি করার কোনো হুমকি দেইনি।’ মাসুম দাবি করেন, তার ১২ বোরের শটগানটির লাইসেন্স আছে। তিনি নগরীর ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী বলেও জানান। এ বিষয়ে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু বলেন, ‘গাজীপুর মহানগরের ১৯ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের কমিটি আছে। ওই কমিটিতে রাশেদুজ্জামান মাসুম নামে কেউ নেই। তিনি আমাদের সংগঠনের কেউ না, সাধারণ সদস্যও না। তাকে আমি চিনিও না। তার দাবি মিথ্যা ও বানোয়াট। সাংগঠনিকভাবে এ ধরনের মানুষের কোনো দায়ভার আমরা নেব না। সংগঠনের কেউ না হয়েও সে যদি নাম ব্যবহার করে অপকর্ম করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করীম বলেন, শটগান নিয়ে জমি মাপার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি আমার নজরেও এসেছে। এরপর গতকাল ওই অস্ত্র সিজ (জব্দ) করেছি। লাইসেন্স বাতিলের জন্য আমরা লিখব। তিনি আরও জানান, হারুন অর রশিদ পক্ষের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights