রমেককে বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর মেডিকেল কলেজকে (রমেক) একটি আধুনিক, যুগোপযোগী মেডিকেল বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। গত ২৪ এপ্রিল অনুমোদনের চিঠি জেলা প্রশাসকের কাছে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।

অনুমোদনের পর বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের ফাইল স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। রংপুরের সুশীল সমাজ দীর্ঘদিন থেকে রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়ে আসছিলেন। বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন হলে এই অঞ্চলে চিকিৎসা শাস্ত্র ও সেবার নতুন দুয়ার উন্মোচিত হবে।

রংপুর মেডিকেল কলেজ ১৯৭০ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়। এটি রংপুর নগরীর ধাপ এলাকার কেন্দ্রীয় কারাগারের বিপরীতে অবস্থিত। মূল ক্যাম্পাস এবং হাসপাতালের আয়তন প্রায় ৬৫ একর। আধুনিক চিকিৎসার প্রয়োজনীয়তা অনুভব করে তৎকালিন পূর্ব পাকিস্তান আমলে ১৯৬৬ সালে ৫০০ শয্যা বিশিষ্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১৯৭১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওতাধীন প্রথম ব্যাচে শিক্ষার্থী ছিলো ৫০ জন। ১৯৭৬ সালের ১৯ মার্চ মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বর্তমানে এক হাজার শয্যার হাসপাতালে প্রতিদিন ২ হাজারের বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। মেডিকেল কলেজে ভারত, নেপাল , শ্রীলংকা, মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য আলাদা সিট বরাদ্দ রয়েছে।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য সুপারিশ পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দিয়েছেন। অনুমোদনের চিঠি ২৪ এপ্রিল আমার হাতে পৌঁছেছে। শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের কাজ শুরু করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights