অপহরণ-চাঁদাবাজি মামলায় রুয়েটের তিন ছাত্র জেলে

রাবি প্রতিনিধি

অপহরণ ও চাঁদাবাজি মামলায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তিন ছাত্রকে জেলে পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরের দিকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে রুয়েটের তিনজন ছাত্রকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-পাবনার আব্দুল বারেক শেখের ছেলে শাহ আলম রাতুল, চট্টগ্রাম জেলার নূর খালেকের ছেলে কামরান সিদ্দিক রাশেক ও বগুড়ার সারওয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ নাবিল। তারা সকলে রুয়েটের কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্র মো. নাজমুল হাসান।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বরে বান্ধবী মোছা. শোভার সাথে কথা বলছিলেন নগরীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্র নাজমুল হাসান। তখন অজ্ঞাত কয়েকজন এসে তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। একপর্যায়ে মেয়েকে বাসায় যেতে বলে নাজমুলকে রুয়েটে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করলে তাকে সুইটের মোড়ে একটি গ্যারেজে নিয়ে মারধর করা হয়। প্রাণে বাঁচতে ২০ হাজার টাকা দিতে বলা হয়। তখন ভুক্তভোগী বন্ধুদের ফোন দিয়ে টাকা চায়। টাকা দিতে বিলম্ব হওয়ায় অভিযুক্তরা তার বাবাকে ফোন দিয়ে ৫০ হাজার টাকা নিতে চাপ দেয় এবং মারধর করে।

এক পর্যায়ে নাজমুলের বন্ধুরা মতিহার থানায় বিষয়টি জানালে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। কিন্তু কৌশলে অজ্ঞাতনামা দুইজন পালিয়ে যায়। পরে চাঁদাবাজি ও অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের তিনজনকে জেলে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights