কুমিল্লায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন

কুমিল্লা প্রতিনিধি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উদ্যোগে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার শাসনগাছা কার্যালয় আঙিনায় এ মেলার আয়োজন করা হয়।

মেলায় সরেজমিন গিয়ে দেখা যায়, আম, কাঁঠাল, পাকা তাল, কুমড়া, নানা জাতের আলু, নতুন জাতের ধান, মধু, মাশরুমসহ কৃষি যন্ত্রপাতি স্তরে স্তরে সাজানো আছে। দূর-দূরান্ত থেকে আগত কৃষকরা এসব প্রদর্শনী দেখছেন। অনেক কৃষক নতুন জাতের উচ্চফলনশীল ফসল চাষের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন।

মেলায় স্বল্প জীবনকালীন ধানের প্রদর্শনী দিয়েছেন দেবিদ্বারের কৃষক রফিক আহমেদ। রফিক আহমেদ বলেন, মেলায় বিনা-২৫ সহ অনেকগুলো স্বল্প জীবনকালীন ধানের প্রদর্শনী দিয়েছি। মেলায় এসে নিজেও নানা কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভের চেষ্টা করছি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মো. আইউব মাহমুদ জানান, মেলায় ১৬টি স্টল রয়েছে। মেলাটি ২ মে পর্যন্ত চলবে। কুমিল্লার প্রান্তিক পর্যায়ের কৃষকরা যাতে কৃষি প্রযুক্তি, ফসলের বিভিন্ন জাত এবং পুষ্টি সম্পর্কে ধারণা নিতে পারেন, সেজন্যই এই মেলার আয়োজন করা হয়েছে। এ কাজে বিভিন্ন গবেষণা সংস্থা, বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠান এবং কৃষি উদ্যোক্তারা আমাদের সাহায্য করছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, মেলায় প্রদর্শিত কৃষি প্রযুক্তি দেখে কৃষকরা তাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবেন। আমরা এই কৃষি প্রযুক্তিকে ছড়িয়ে দিতে চাচ্ছি। পাশাপাশি বাণিজ্যনির্ভর কৃষির সম্প্রসারণ ঘটাতে কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights