অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হলো না স্মিথ-ম্যাগার্কের

আগামী ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এরই মধ্যে দল ঘোষণা শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী দেশগুলো। সেই ধারাবাহিকতায় অনেকটা চমক রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলো অস্ট্রেলিয়া।

তেমন ফর্মে না থাকলেও স্টিভ স্মিথের মতো অভিজ্ঞ একজন ব্যাটার বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়বেন, এটি অস্ট্রেলিয়া ক্রিকেটের ভক্তরা হয়তো আশা করেননি। কিন্তু সেটিই ঘটেছে; স্কোয়াড থেকে বাদ পড়েছেন স্মিথ।

সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন স্মিথ। সেখানেও তেমন ভালো করতে পারেননি ডানহাতি ক্লাসিক এই ব্যাটার। যে কারণে আসরে তাকে দেশে রেখেই বিশ্বকাপ খেলতে যাচ্ছে টিম অস্ট্রেলিয়া।
এছাড়া অজিদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি আলোচিত তরুণ ব্যাটার জেইক ফ্রেজার ম্যাগার্কের। আইপিএলে যেভাবে চমক দেখিয়েছেন ম্যাগার্ক, তাতে এই তরুণকে অস্ট্রেলিয়া দলে জায়গা দেওয়া হবে বলেই আশা করছিলেন অনেক ক্রিকেটভক্ত। তাদের সেই আশাও পূরণ করলো না অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ)।

অস্ট্রেলিয়ার ঘোষিত ১৫ সদস্যের এই স্কোয়াডে দ্বিতীয় স্পিন বিশেষজ্ঞ হিসেবে জায়গা পেয়েছেন অ্যাস্টন অ্যাগার। দলে ফেরাতে হয়েছে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে।

তবে প্রত্যাশিতভাবেই অজিদের নেতৃত্ব পেয়েছেন মিচেল মার্শ। এর মধ্যে অর্ন্তবর্তীকালীন অধিনায়ক হিসেবে গত এক বছর ধরে তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে অজিদের নেতৃত্ব দিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়া বিশ্বকাপ স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, নাথান এলিস, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights