এপ্রিলে পাকিস্তানে ঝড়-বৃষ্টিতে ১৪৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

এপ্রিল মাসে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে প্রবল বর্ষণ, বজ্রপাত, বান, ভূমিধস ও বিদ্যুৎপৃষ্ঠ হয়ে অন্তত ১৪৩ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ধ্বংস হয়েছে হাজার হাজার ঘরবাড়ি এবং লাখ লাখ একর জমির ফসল।

এপ্রিলের বর্ষণে পাকিস্তানের চার প্রদেশ ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ও ঘরবাড়ি ধ্বংসের ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে।

প্রদেশটির প্রশাসনিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অতিবর্ষণ, হড়কা বান, ভূমিধস ও বজ্রপাতে খাইবার পাখতুনখোয়ায় এপ্রিলে ৮৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৮ জন শিশু। এছাড়া প্রদেশের বিভিন্ন জেলায় ৩ হাজার ৫শ’রও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।
বেলুচিস্তান প্রদেশেও একই সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আজাদ কাশ্মির এবং গিলগিট-বাল্টিস্তানে বর্ষণ ও বর্ষণ সম্পর্কিত নানা দুর্যোগে ১৪ জন মারা গেছেন। তাছাড়া বর্ষণের সময় সড়ক দুর্ঘটনায় সিন্ধ প্রদেশে প্রাণ হারিয়েছেন অন্তত চারজন।

পাকিস্তানের আবহাওয়া দপ্তরের মুখপাত্র জহির আহমেদ বাবর এএফপিকে বলেন, অন্যান্য বছর এপ্রিল মাসে পাকিস্তানে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, চলতি বছর তার তুলনায় ১৬৪ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে, যা বেশ অস্বাভাবিক। অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করে এই আবহাওয়াবিদ বলেন, ‘আবহাওয়ার এই খেয়ালি আচরণের প্রধান কারণ জলবায়ু পরিবর্তন।’

সূত্র : এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights