ট্রেন সুবিধায় আরও এক ধাপ এগিয়ে গেল দক্ষিণবঙ্গ : রেলমন্ত্রী
মাদারীপুর প্রতিনিধি
ট্রেন সুবিধায় আরও এক ধাপ এগিয়ে গেল দক্ষিণবঙ্গ। ঢাকা-ভাঙ্গা রুটে আজ চালু হলো আরও একজোড়া ট্রেন। অল্পদিনের ব্যবধানে আরও কয়েকটি ট্রেন চালু হবে এ রুটে। এবং খুব দ্রুত ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।
আজ শনিবার দুপুরে মাদারীপুরের শিবচর রেলস্টেশনে নতুন ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেলমন্ত্রী।
এদিকে, স্বপ্নসেতু পদ্মা উদ্বোধনের পর থেকেই উন্মুক্ত হচ্ছে রেলের দখিনা দুয়ার। এবার দক্ষিণবঙ্গের ঢাকা-ভাঙ্গা রুটে চালু হলো আরও একজোড়া ট্রেন। তাইতো পদ্মাপাড়ের রেলস্টেশন শিবচরে সাজ সাজ রব। নতুন ট্রেনের যাত্রায় উচ্ছ্বসিত পদ্মাপাড়ের মানুষ। অল্প সময়ে ঢাকা যেতে পারার সুযোগ পেয়ে খুশি তারা। শনিবার সকাল থেকেই শিবচর স্টেশনে ভিড় করেন স্থানীয়রা। উদ্বোধনী ট্রেনকেও সাজানো হয় নান্দনিক রূপে। নদী ভাঙন অঞ্চলের মানুষ ট্রেন পেয়ে উচ্ছ্বসিত। স্বল্প সময়ে ঢাকায় যেতে পারার আনন্দ স্থানীয়দের। স্থানীয়রা জানায়, শুধু যাতায়াত নয়, এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও কৃষিতেও ভূমিকা রাখবে। তারা বলছেন, ট্রেন যোগাযোগের মাধ্যমে নতুন নতুন শিল্পও গড়ে উঠবে এসব এলাকায়।
ট্রেন উদ্বোধন উপলক্ষে শিবচর রেলস্টেশন চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। এতে যোগ দেন রেল মহাপরিচালক, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানান, অল্প দিনের মধ্যে ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেল লাইন নির্মাণের কাজ শুরু হবে।
পরে অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী। দুপুর ১২টার পর শিবচর রেলস্টেশন থেকে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে ভাঙ্গা কমিউটার।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ভাঙ্গা ননস্টপ চন্দনা কমিউটার সার্ভিস রাজবাড়ী স্টেশন থেকে ছাড়বে ভোর ৫টায়। ভাঙ্গা স্টেশনে পৌঁছাবে ভোর ৬টা ১৫ মিনিটে। এরপর এই ট্রেনটি ভাঙ্গা কমিউটার নামে ভাঙ্গা স্টেশন থেকে ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। আর ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে সকাল ৯টায়।
ফিরতি যাত্রায় ভাঙ্গা কমিউটার ঢাকার কমলাপুর থেকে ছাড়বে সন্ধ্যা ৬টায়। ভাঙ্গায় গিয়ে পৌঁছাবে রাত ৮টায়। এরপর এই ট্রেনটি চন্দনা কমিউটার নামে ভাঙ্গা থেকে ছেড়ে যাবে রাত ৮টা ১০ মিনিটে। আর রাজবাড়ী স্টেশনে গিয়ে পৌঁছাবে রাত ৯টা ৩০ মিনিটে। ট্রেনটিতে ৫২৮টি শোভন শ্রেণির আসন আছে।
