গাজীপুরে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত আল আমিন (১৯) গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকার বাসিন্দা আক্তার আলীর ছেলে। আল আমিন স্থানীয় চান্দনা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র।

নিহতের ভগ্নিপতি ইকবাল হোসেন জানান, শনিবার দুপুরে আল আমিন ছোট এক ভাইসহ চারজন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট চত্বরে বাড়াতে যায়। ৪/৫ ছিনতাইকারী প্রথমে তাদের নাম পরিচয় জানতে চায়। এরপর তারা সঙ্গে যা যা আছে তাদের দিতে বলে। এক পর্যায়ে আল আমিনের কাছে থাকা মোবাইল ফোনটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আল আমিন তাদের বাধা দিলে তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে নিহতের খালাতো ভাই শাকিল আহমেদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সীমা প্রাচীর টপকে পালিয়ে যায়।

আল আমিনের সঙ্গে থাকা বন্ধু মোমিনুল হক সাংবাদিকদের জানান, শনিবার দুপুর ১২টার দিকে আল আমিন (১৯), তার খালাতো ভাই শাকিল আহমেদ (২১), ছোট ভাই আতিক (১৪) ও আমি ধান গবেষণা ইনস্টিটিউট চত্বরে বেড়াতে ও ছবি তুলতে যাই। পরে সেখানে আমরা ছিনতাইকারীর কবলে পড়ি। এসময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন আহত হয়। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তি অবস্থায় দুপুর ১টার দিকে আল আমিন মারা যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা ওসি সৈয়দ রাফিউল করিম জানান, আলামিন হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights