নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মামুন সমাদ্দার (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে নড়াইল-গোবরা সড়কে সদর উপজেলার ধোপাখোলা সংলগ্ন কাড়ারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মামুন নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে। সে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে মোটরসাইকেল চালিয়ে গোবরার দিকে যাচ্ছিলেন মামুন। পথিমধ্যে কাড়ার বিলের ব্রিজ অতিক্রমের সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় নড়াইলগামী বাইসাইকেল আরোহী মাটি কাটা শ্রমিককে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। এতে দুমড়ে-মুচড়ে যায় তার মোটরসাইকেলটি। পরে পথচারিরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

মামুনের মোটরসাইকেলের ধাক্কায় আহত শ্রমিক কাজেম আলীকে (৩৫) উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ নড়াইল সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights