বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ভোট করার চেষ্টা করছেন মোদী, মন্তব্য কেজরিওয়ালের

ভারতে চলছে লোকসভা নির্বাচন। মোট সাত দফায় অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এরই মধ্যে চতুর্থ দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই নির্বাচনেই টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমেছেন নরেন্দ্র মোদী।

এদিকে, নির্বাচনী প্রচারণায় মোদীকে নিয়ে কঠোর সমালোচনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, “বাংলাদেশ ও পাকিস্তানের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ভারতের ভোটেও একই কাজ করার চেষ্টা করছেন মোদী।”

এমনকি পুতিনের রাশিয়ার সঙ্গেও ভারতের তুলনা করেছেন কেজরিওয়াল।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত শুক্রবার ভারতের পরিস্থিতিকে রাশিয়ার সাথে তুলনা করেন এবং প্রধানমন্ত্রী মোদীকে পরোক্ষভাবে উপহাস করেন। একইসঙ্গে ভারত ‘খুব বিপজ্জনক’ পর্যায়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) বিরোধী ইন্ডিয়া ব্লকের এক সমাবেশে বক্তৃতাকালে কেজরিওয়াল এসব মন্তব্য করেন। তিনি বলেন, “বর্তমানে দেশের পরিস্থিতি খুবই বিপজ্জনক। পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট… পুতিন হয় তার সব প্রতিদ্বন্দ্বী নেতাদের জেলে পাঠিয়েছেন, আর না হয় তাদের হত্যা করেছেন। তারপর (পুতিন) নির্বাচন পরিচালনা করেন এবং ৮৭ শতাংশ ভোট পান।”

অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন, “বাংলাদেশেও সম্প্রতি নির্বাচন হয়েছে। (নির্বাচনের আগে বাংলাদেশে) সব বিরোধী নেতাকে গ্রেফতার করা হয় এবং নির্বাচনে বিজয়ী হন শেখ হাসিনা। আর পাকিস্তানের নির্বাচনে দেশটির প্রবীণ নেতা ইমরান খানকে জেলে পাঠানো হয়েছে, তার দলকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার দলীয় প্রতীক ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এরপরই নির্বাচন পরিচালিত হয়েছে…।”

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “মোদিজি, বাংলাদেশ ও পাকিস্তান থেকে শেখার পরে এখানে, ভারতে একই জিনিস প্রয়োগ করার চেষ্টা করছেন।”

তিনি আরও বলেন, “তারা আমাকে জেলে রেখেছিল, (দিল্লির সাবেক ডেপুটি সিএম) মণীশ সিসোদিয়াকে জেলে রাখা হয়েছিল… কংগ্রেস পার্টির ব্যাংক অ্যাকাউন্ট আটকে দেওয়া হয়েছিল… এভাবেই আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিতবেন। এটি কাপুরুষতার চিহ্ন।”

উল্লেখ্য, কথিত মদ নীতি কেলেঙ্কারির সাথে জড়িত দুর্নীতির অভিযোগে ৫০ দিন করাগারে থাকার পরে গত ১০ মে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির তিহার জেল থেকে মুক্তি পান। জেল থেকে মুক্তির পরপরই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেন তিনি।

এর আগে একইদিন দুপুরে দেশটির সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পান কেজরিওয়াল। শীর্ষ আদালতের এই রায়ের ফলে আগামী ১ জুন অর্থাৎ লোকসভা ভোটের শেষ দফা পর্যন্ত জেলের বাইরে থাকবেন তিনি।

দিল্লির আবগারি নীতিকাণ্ডে গত ২১ মার্চ তাকে গ্রেফতার করেছিল ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্র: ইন্ডিয়া টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights