পঞ্চম দফায় আজ ভারতে ৪৯ আসনে ভোটগ্রহণ চলছে

আজ সোমবার ভারতের লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোটগ্রহণ হচ্ছে। ভাগ্য নির্ধারণ হবে রাহুল গান্ধী, ওমর আবদুল্লাহ ও স্মৃতি ইরানির মতো নেতাদের।

সোমবার বিহারের পাঁচটি, ঝাড়খণ্ডের তিনটি, মহারাষ্ট্রের ১৩টি, ওড়িশার পাঁচটি, উত্তরপ্রদেশের ১৪টি, পশ্চিমবঙ্গের সাতটি, জম্মু ও কাশ্মীর ও লাদাখে একটি করে লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে।

পশ্চিমবঙ্গে সহিংসতা
পশ্চিমবঙ্গে পঞ্চম দফার ভোটেও সহিসংতার খবর পাওয়া গেছে। রবিবার রাতেই উলুবেড়িয়ার বিজেপি’র বুথ সভাপতির ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে পেটানো হয়। অভিযোগ, তৃণমূলের কর্মীরা এই কাজ করেছে।

আরামবাগে এক তৃণমূল নেতা শ্যামল রায়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। অভিযোগ, বিজেপি’র বিরুদ্ধে। তাকে উদ্ধার করতে দু’জন কর্মী গেলে তাদেরও মারধর করা হয়। তিনজনই হাসপাতালে ভর্তি আছেন।

বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের অভিযোগ, একাধিক বুথে তৃণমূল কর্মীরা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন।

পঞ্চম দফার প্রধান প্রার্থী যারা

পশ্চিমবঙ্গে বনগাঁ, ব্যারাকপুর,, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগে ভোট হচ্ছে। বনগাঁতে মতুয়া নেতা শান্তনু ঠাকুর, হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায়, হাওড়ায় প্রসুণ বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুরে অর্জুন সিং ও শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ হবে সোমবার।

পশ্চিমবঙ্গে পঞ্চম দফায় মোট ১৩ হাজার ৫৮১টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচন কমিশন এর মধ্যে সাত হাজার ৭১১টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে। মডেল বুথ ৯৩টি।

সাতটি কেন্দ্রের জন্য ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। চতুর্থ পর্বেই দেখা গেছে, পশ্চিমবঙ্গের লোকসভা ভোটে সহিংসতা বেড়েছে। এজেন্টদের মেরে বের করে দেওয়া, জাল ভোট দেওয়ার অভিযোগ, বোমামাজি, ভয় দেখানোর অভিযোগ সামনে এসেছে।

মহারাষ্ট্রে সোমবার যে কেন্দ্রগুলোতে ভোট হচ্ছে, সেখানে শিবসেনার শক্তি বেশি। ফলে উদ্ধব ঠাকরে ও একনাথ শিণ্ডের নেতৃত্বে এর অনেকগুলোতে তীব্র লড়াই হচ্ছে।

উত্তরপ্রদেশে যে ১৪টিতে ভোট হচ্ছে, তার মধ্যে বিজেপি গতবার ১৩টিতেই জিতেছিল। শুধু রায়বেরিলিতে জিতেছিল কংগ্রেস। সোনিয়া গান্ধী এবার আর বায়বেরিলি থেকে লড়ছেন না। তার জায়গায় লড়ছেন রাহুল গান্ধী। সোনিয়া ও প্রিয়াঙ্কা রায়বেরিলিতে রাহুলের হয়ে প্রচার করেছেন।

গতবার আমেঠি থেকে লড়ে হেরেছিলেন রাহুল গান্ধী। তাই তিনি এবার আমেঠি থেকে লড়ছেন না। এখানে বিজেপি নেত্রী স্মৃতি ইরানির ভাগ্যপরীক্ষা হচ্ছে সোমবার। সূত্র: পিটিআই, এএনআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights