আজ চিরনিদ্রায় শায়িত হবেন রাইসি, দাফন প্রক্রিয়া শুরু

অনলাইন ডেস্ক

আজ বৃহস্পতবার চিরনিদ্রায় শায়িত হবেন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। নিজ শহর মাশহাদে হবে তার শেষ ঠিকানা।

এখন চলছে রাইসিকে শেষ বিদায় জানানোর প্রক্রিয়া। তাকে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছেন লাখ লাখ মানুষ।

গত রবিবার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান রাইসি। ওই সময় তার সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ আরও আটজন। যাদের সবাই এই দুর্ঘটনায় প্রাণ হারান।
৬৩ বছর বয়সী প্রয়াত এই প্রেসিডেন্টের জন্ম ও বেড়ে ওঠা ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে।

বৃহস্পতিবার এই শহরের শিয়াদের মূল সমাধি ইমাম রেজার পবিত্র মাজারে তাকে দাফন করা হবে। বুধবার ইরানের সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে মাশহাদের কর্মকর্তাদের দাফনের চূড়ান্ত প্রস্তুতি নিতে দেখা গেছে।

এদিকে ইরানের দ্বিতীয় বৃহত্তম এই শহরের রাস্তায় বিশেষ করে ইমাম রেজা মাজারের চারপাশ জুড়ে রাইসির বড় বড় ছবি, কালো পতাকা এবং শিয়াদের নানা প্রতীক টানানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে হাজারো শোকার্ত মানুষ শামিল হন। পরে তাবরিজ থেকে রাইসি ও তার পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের মরদেহ ইরানের মধ্যাঞ্চলের ঐতিহাসিক কোম শহরে নেওয়া হয়। সেখানেও তাদের জানাজা হয়।

এরপর রাইসি ও আবদুল্লাহিয়ানের মরদেহ তেহরানে নেওয়া হয়। বুধবার রাজধানী তেহরানে রাইসির জানাজায় শোকার্ত হাজার হাজার মানুষ অংশ নেন। সূত্র: এপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights