টার্গেটের গায়ে বমি, এরপর করেন নিঃস্ব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঢাকা কিংবা চট্টগ্রাম নগরীর লোকাল বাসে ঘুরে বেড়ান তারা সাতজন। টার্গেটের সন্ধান পেলেই চক্রের এক সদস্য করে দেন ‘বমি’। তখন চক্রের অন্য সদস্যরা হয়ে ওঠেন ‘হাতেম তাই’! টাগের্টের শরীর থেকে বমি পরিষ্কারের অভিনয় করে লুঠে নেন টাকা ও মূল্যবান জিনিপত্র। অভিন্ন কায়দায় একের পর এক টার্গেটকে নিঃস্ব করে আসছিল এ চক্র।

অবশেষ বুধবার রাতে ঢাকা ও নোয়াখালীতে অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে সিএমপি’র বন্দর থানা পুলিশ। তারা হলেন মো. আনোয়ার হোসেন সোহাগ (৩৯) ও মো. সাহাব উদ্দিন (৪০)।

সিএমপি’র বন্দর জোনের উপ-কমিশনার শাকিলা সুলতানা বলেন, গত ৬ মে দুপুরে নগরীর ১০ নম্বর বাসের যাত্রী সাইফুল ইসলামের মাথায় বমি করে ৯ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের হলে তদন্তে নামে বন্দর থানা পুলিশ। পরে বিশেষ অভিযানে বমি পার্টির সদস্য মো. আনোয়ার হোসেন সোহাগকে ঢাকার কাফরুল থানা এলাকা থেকে ও নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকা থেকে মো. সাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিএমপি ও ডিএমপির বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে।
সিএমপি’র বন্দর থানার ওসি মনজুর কাদের বলেন, ‘গ্রেফতার হওয়া বমি চক্রে সাত সদস্য রয়েছে। তারা চট্টগ্রাম ও ঢাকার লোকাল বাসে ঘুরে বেড়ায় টার্গেটের খোঁজে। সুযোগ বুঝেই চক্রের এক সদস্য টার্গেটের শরীরে বমি করে দেন। অন্যরা বমি পরিষ্কারের নামে ছিনিয়ে নেন টাকা ও মূল্যবান জিনিসপত্র।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights