কিশোরগঞ্জে পাঁচ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‌‘এ’ ক্যাপসুল

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে পাঁচ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে দিনব্যাপী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৯ হাজার ৮৭৫ শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৬১ হাজার ১৩৫ শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল।

রবিবার দুপুরে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম তার কার্যালয়ে আায়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি আরও জানান, জেলার ১৩ উপজেলায় স্থায়ী ও অস্থায়ীসহ মোট ২ হাজার ৯৩৪টি টিকাদান কেন্দ্রে শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনে দায়িত্ব পালন করবে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সমন্বয়ে মাঠ পর্যায়ে ১ হাজার ২০৭ জন এবং প্রথম সারির তত্ত্বাবধায়ক জনবলের সংখ্যা ৩৭৮ জন। এ ছাড়া শিক্ষক, শিক্ষার্থী, আনসার-ভিডিপি সদস্য, টিকাদান কেন্দ্রের বাড়ির সদস্য, স্কাউট, রেডক্রিসেন্ট কর্মী, গার্লস গাইড, এনজিও কর্মীসহ বিভিন্ন বিভাগের ৪ হাজার ৬৬১ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে টিকাদান কেন্দ্রে এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য সিভিল সার্জন সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। কোনো অসুস্থ শিশুকে ‘এ’ ক্যাপসুল খাওয়াতে নিরুৎসাহিত করে তিনি বলেন, এক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। এ সংক্রান্ত কোনো গুজবে কান না দিতেও সকলের প্রতি আহ্বান জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল করিম ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. চৌধুরী শাহরিয়ার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights