চট্টগ্রামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আবুল ফয়েজ (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিমপট্টি এলাকার মামুন সেন্টার নামক একটি ভাড়া বাসার ১২৬ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফয়েজ ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজার এলাকার বাসিন্দা।
হাটহাজারী মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনি ব্যাবস্থা নেয়া হবে।
নিহত ফয়েজের পারিবারিক সূত্র জানায়, ২০২২ সালের ১২ আগস্ট ফটিকছড়িতে একটি হত্যা মামলায় ফয়েজ গ্রেফতার হন। গ্রেফতারের পর তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রায় ১ বছর ১০ মাস জেলে থাকার পর ছয় মাস আগে জামিনে বেরিয়ে আসেন। এরপর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পশ্চিমপট্টি এলাকার মামুন সেন্টার নামক একটি ভাড়া বাসায় একা বসবাস করে আসছিলেন।
