টানা তাপপ্রবাহে নয়াদিল্লিতে দুই দিনে ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

তাপপ্রবাহ থামার কোনো লক্ষণই নেই ভারতের নয়াদিল্লিতে। গরমের জেরে অসুস্থ হয়ে দুই দিনে মৃত্যু হয়েছে পাঁচজনের। রামমনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি আরও ১২ জন। তাদের সকলকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। শুধু রামমনোহর লোহিয়া হাসপাতালই নয়, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে নয়াদিল্লির অন্য হাসপাতালগুলোতেও ভর্তির সংখ্যা বাড়ছে।

সংবাদমাধ্যমকে এক সরকারি হাসপাতালের সুপার চিকিৎসক অজয় শুক্ল জানিয়েছেন, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২২ জন। পাঁচ জনের মৃত্যু হয়েছে। ১২-১৩ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

তিনি আরও জানান, হিট স্ট্রোকে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ৬০-৭০ শতাংশ বেড়েছে বলেই দাবি শুক্লর। তার কথায়, “যদি এই ধরনের কোনও রোগীকে হাসপাতালে দেরিতে আনা হয়, একের পর এক অঙ্গ বিকল হতে শুরু করবে। এই বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। তা ছাড়াও হিট স্ট্রোকের লক্ষণগুলো অনেক সময় ঠিকভাবে ধরতে পারেন না অনেকে। ফলে বিপত্তি আরও বাড়ে।”
দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যাবে না। উত্তর ভারতের বেশির ভাগ অংশে তাপপ্রবাহ জারি থাকবে আগামী ২৪ ঘণ্টা। তারপর পরিস্থিতি কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গত এক মাসেরও বেশি সময় ধরে গরমে পুড়ছে দিল্লিসহ উত্তর ভারতের একাংশ। শুধু গরমই নয়, এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে তাপপ্রবাহ। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কোথাও কোথাও তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে গরমে অসুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে অনেকের।

সূত্র : রয়টার্স, আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights