রাশিয়ায় ইহুদি উপাসনালয়সহ বেশ কয়েক জায়গায় বন্দুক হামলা, নিহত ১৫

অনলাইন ডেস্ক

রাশিয়ার উত্তর ককেশাস প্রজাতন্ত্র দাগেস্তানে গির্জা ও ইহুদি উপাসনালয়সহ বেশ কয়েক স্থানে হামলা হয়েছে। পেন্টেকস্টের অর্থোডক্স উৎসবের দিন ডারবেন্ট ও মাখাচকালা শহরে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এসব হামলায় অন্তত ১৫ পুলিশ কর্মকর্তা ছাড়াও একজন পাদ্রী ও একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে।

তবে এই হামলার সঙ্গে কারা জড়িত, রিপোর্ট লেখা পর্যন্ত তা শনাক্ত করা যায়নি। যদিও দাগেস্তানে অতীতেও জঙ্গি গোষ্ঠীর হামলা হয়েছে। কিন্তু এবার এখনও এই হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।

রবিবার এ হামলায় দুটি গির্জা ও দুটি ইহুদি উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা হয়। দাগেস্তানের সবচেয়ে বড় শহর মাখাচকালায় এক অর্থোডক্স গির্জার পাদ্রীকে হত্যা করা হয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরা কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়িতে গুলি করছে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যায় জরুরি পরিষেবার সদস্যরা।

প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল হিসেবে খ্যাত ডারবেন্টে তাদের উপাসনালয় ছাড়াও একটি গির্জায় আক্রমণ করে বন্দুকধারীরা। পরে তারা সেখানে আগুন ধরিয়ে দেয়।

এছাড়াও সেরগোকল গ্রামে পুলিশের গাড়িতে হামলা হয়েছে। এ ঘটনার পর মাখাচকালার কাছে সার্গোকালিনস্কি জেলার প্রধান মাগোমেদ ওমরভকে আটক করেছে পুলিশ। তার দুই ছেলে হামলাকারীদের মধ্যে রয়েছে বলেও পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। সূত্র: আল-জাজিরা, সিএনএন, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights