ভোলায় থানার মধ্যে এএসআই গুলিবিদ্ধ

ভোলা প্রতিনিধি:

ভোলার ইলিশা নৌ-থানায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অসাবধানতাবশত গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার বিকেল ৪টার দিকে ভোলার ইলিশা নৌ-থানার মধ্যে এ ঘটনা ঘটে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করলেও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ বড়ুয়া এ বিষয়ে গণমাধ্যমে কোনো বক্তব্য দিচ্ছেন না।

গুলিবিদ্ধ ওই পুলিশ অফিসারের নাম মো. মোক্তার হোসেন। তিনি ইলিশা নৌ-থানায় কর্মরত। সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া তথ্য মতে জানা গেছে, বিকেল ৪টার দিকে ডিউটির উদ্দেশ্যে বের হওয়ার সময় নিজের নামে ইস্যুকৃত অস্ত্র থেকে অসাবধানতাবশত মিস ফায়ারের ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। অসাবধানতাবশত নিজের অস্ত্র থেকে গুলি বেরিয়ে আহত হয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ভোলা সদর সার্কেল এএসপি রিপন কুমার সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights