চাঁদপুরে পাসপোর্ট দালাল চক্রের ১৬ সদস্য গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে সেবাগ্রহীতাদের লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ কুমিল্লার একটি বিশেষ দল চাঁদপুর পাসপোর্ট অফিস এলাকায় অভিযান পরিচালনা করেছেন। অভিযানকালে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা মো. ইয়াসিনসহ ১৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

গ্রেফতার দালাল চক্রের সদস্যরা হলেন-মো. ইয়াসিন (২২), মো. মামুন (৩৭), মুনকার আহমেদ রাজ (২২), মো. তানভীর (২৩), মোবারক গাজী (৪০), মো. রবিউল আলম (২৮), মো. শরীফ হোসেন (৩৭), মো. শাওন (২২), নুরুল ইসলাম মজুমদার (২৬), মো. অমিত হাসান (২২), মো. তোফাজ্জল দেওয়ান (৫৫), মো. সেলিম (৪০), রানা (৩৭), সাজ্জাদ (১৯), তামিম হোসেন (২৩) ও আরমান হোসেন (৩০)। এদের সবার বাড়ি চাঁদপুর সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায়।
গ্রেফতারের সময় তাদের হেফাজতে থাকা ১৮৩টি পাসপোর্ট ডেলিভারি স্লিপ, ৮টি মোবাইল ফোন, নগদ ৪৫ হাজার ২০০ টাকা এবং পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের প্রচলিত নিয়মনীতি অনুসরণ করে পাসপোর্ট প্রাপ্তি সকল নাগরিকের অধিকার। তবে অধিকাংশ সময় ভুক্তভোগী দালাল চক্রের সদস্যকে পাসপোর্ট করতে দিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার পরও পাসপোর্ট পায়নি মর্মে লিখিত ও মৌখিক অভিযোগ করেন।

অভিযোগের সত্যতা যাচাই ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ রবিবার দুপুরে তরপুরচন্ডী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাসপোর্ট প্রস্তুত করে দেবেন বলে নির্ধারিত টাকার চাইতে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন। গ্রেফতার দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাসপোর্ট দালাল নির্মূলে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights