পিচ নিয়ে অস্ট্রেলিয়া একটু বেশিই কথা বলছে; জাদেজার ক্ষোভ

অনলাইন ডেস্ক

নাগপুরের পিচ নিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার এবং সংবাদমাধ্যমে চলছে সমালোচনার ঝড়। প্রথম টেস্টে ভারত বড় ব্যবধানে জেতার পর অজিদের একহাত নিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

পিচ নিয়ে এত কথা হওয়াটা তিনি ভালো চোখে দেখছেন না, তা স্পষ্ট। জাদেজা বলছেন, পিচ নিয়ে একটু বেশিই কথা বলেছেন অস্ট্রেলীয়রা। পিচের মধ্যে আদৌ তেমন কিছু ছিল না।

ঘরের মাঠে স্পিন সহায়ক পিচ তৈরি করার পেছনে কোনো অপরাধ নেই বলে মনে করেন জাদেজা। তার মতে, বোলিং ভারতের শক্তি। তাই ঘরের মাঠের পরিবেশ তারা কাজে লাগাবেই।
জাদেজা আরও বলেন, ভারতে এ রকম পিচ তো হবেই। দলের শক্তি যা, তার ওপর ভিত্তি করেই পিচ তৈরি করা হয়। আমাদের ফাস্ট বোলাররা ভালো। কিন্তু স্পিনাররা বেশি ম্যাচ জিতিয়েছে ঘরের মাঠে। কেন তা হলে আমরা নিজেদের শক্তি অনুযায়ী খেলব না?

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গেলে কখনও বাউন্সের পিচ নিয়ে অভিযোগ জানায় না ভারত। সেখানে গ্রিন টপ বানানো নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ায় গেলে ওরা পিচের উপর ১৮-২০ মিলিমিটার ঘাস রেখে দেয়। আমরা তো তখন কোনো কথা বলি না। তাই ভারতে এলে ওদেরও পিচ নিয়ে কোনো কথা বলার অধিকার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights