কোটা আন্দোলনে যোগ দিতে শিক্ষার্থীদের ছাত্রলীগের বাধার অভিযোগ

অনলাইন ডেস্ক

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের আন্দোলন ছড়িয়ে পড়ছে। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজেই তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

তবে অভিযোগ উঠেছে ঢাবির বিভিন্ন হল থেকে যারা আন্দোলনে যোগ দিতে চাচ্ছেন- তাদের বাধা দিচ্ছে ছাত্রলীগ। বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে বিভিন্ন হল থেকে এ খবর পাওয়া যায়। হলের শিক্ষার্থীরা বলছেন, আমরা আন্দোলনে যেতে পারছি না। আমাদের কোটা আন্দোলনে যেতে বাধা দিচ্ছে ছাত্রলীগ।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের মূল ফটকে তালা দিয়ে রেখেছে ছাত্রলীগ। এতে আন্দোলনে যোগ দিতে চাওয়া শতাধিক শিক্ষার্থী হলের ভেতর আটকে পড়েন। পরে শিক্ষার্থীদের তোপের মুখে তালা খুলে দেওয়া হয়।
এছাড়া কবি জসীম উদ্দীন হল, বিজয় একাত্তর হলের ফটকে ছাত্রলীগের পদপ্রত্যাশীরা অবস্থান নিয়েছেন। তারা শিক্ষার্থীদের আন্দোলনে যেতে ছাত্রলীগ বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই সময়ে শিক্ষার্থীদের মধুর ক্যান্টিনে এক প্রোগ্রামে নিয়ে যেতে দেখা গেছে। ছাত্রলীগের বিভিন্ন হলের গ্রুপে শিক্ষার্থীদের মধুর ক্যান্টিনে আসার নির্দেশ দেওয়ার ছবি প্রকাশ্যে এসেছে।

শিক্ষার্থীরা জানান, হল গেটে তালা দেওয়ার নেতৃত্বে ছিলেন হল ছাত্রলীগের সহ-সভাপতি মনির হোসাইন, হল ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাওহীদ জামান ওভি, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ খান শৈশব, হল ছাত্রলীগের সাহিত্য সম্পাদক আরিফুর রহমান যুবরাজসহ আরও অনেকে।

নাম না প্রকাশের শর্তে এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে যেতে চাচ্ছি। কারও ক্ষতি করতে তো যাচ্ছি না। তবুও ছাত্রলীগ আমাদেরকে নানাভাবে বাধা দিচ্ছে।

এ বিষয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত গণমাধ্যমকে বলেন, আমাদের কোনো নেতাকর্মী শিক্ষার্থীদের বাধা দেয়নি। এটি একটি আইনি প্রক্রিয়া। আইনগতভাবে এর সমাধান হবে। এখানে কাউকে বাধা দেওয়ার তো প্রশ্ন আসে না।

যদিও এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন ভূঁইয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা প্রথা পুনর্বহাল করে হাইকোর্টের দেওয়া রায়ের প্রতিবাদ এবং ২০১৮ সালের পরিপত্র বহালের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ছে। একই দাবিতে ঢাকার শাহবাগ মোড়সহ ছয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights