আসছে নতুন নতুন তথ্য, ফের বাঁক নিচ্ছে তদন্ত

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার নিখোঁজ রহস্যের তদন্ত ফের বাঁক নিচ্ছে। আসছে নতুন নতুন তথ্য। এরই মধ্যে তিনজন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাখ্যান করেছেন। ঝিনাইদহের স্থানীয় অনেকে বলছেন, শুধু দেশীয় অপরাধী চক্র নয়, একাধিক ভারতীয় নাগরিকও জড়িত থাকতে পারে। তবে এখনো পর্যন্ত ভারতীয় সন্দেহভাজন কাউকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি। অন্যদিকে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন ঝিনাইদহ-৪ আসনের উপজেলা এবং ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান থেকে শুরু করে স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা। অভিযোগ উঠেছে, আনার হত্যাকান্ডে ভারতীয় নাগরিক জড়িত থাকতে পারে। তাদেরকেও আইনের আওতায় আনলে মিলতে পারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। কারণ হিসেবে তারা বলছেন, আনার কলকাতায় গিয়ে গোপালের বাড়িতে উঠলেন। সেখান থেকে আনার রহস্যজনকভাবে নিখোঁজের পর নৃশংস হত্যাকান্ডের শিকার হলেন। এ ঘটনায় এখন পর্যন্ত তাকে কোনো প্রকার জিজ্ঞাসা করা হয়নি। এ হত্যাকান্ডে তার সম্পৃক্ততা থাকতে পারে। জানা গেছে, হত্যার প্রায় দুই মাসেও সম্ভাব্য কারণ ছাড়াও প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারেনি দুই দেশের গোয়েন্দা সংস্থা। ঘটনার মূল পরিকল্পনাকারীসহ সন্দেহভাজন অনেককে এখনও আইনের আওতায় নিয়ে আসা হয়নি। তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য, আনার হত্যার সঠিক তথ্য জানতে অনেক সময় লাগবে। সন্দেহভাজন আরও কয়েকজন অপরাধীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা গেলে ঘটনার সঠিক তথ্য জানা যাবে। তবে তদন্তে প্রতিদিনই কিছু নতুন তথ্য সামনে আসছে। সেসব তথ্য যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তদন্তেও কিছু নতুন তথ্য যোগ হচ্ছে। সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, এমপি আনার হত্যাকান্ডের সঠিক কারণ এখনো জানতে পারেননি তারা। তবে তদন্তে হত্যায় জড়িতদের সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে অনেককেই এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন জানান, তার বাবার হত্যাকারীদের মধ্যে ভারতেরও যদি কেউ জড়িত থাকে তাহলে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানাই। যেভাবেই হোক আমার বাবার হত্যার রহস্য দ্রুত উন্মোচন করার দাবি জানাই। ডিএনএ পরীক্ষার স্যাম্পল দিতে ভারতে যাওয়ার প্রস্তুতি রেখেছেন জানিয়ে ডরিন বলেন, বাবার লাশ এখনো বুঝে পাইনি। কেন বাবাকে হত্যা করা হলো তারও সঠিক তথ্য এখনো জানাতে পারেনি তদন্ত-সংশ্লিষ্টরা। ঘটনায় প্রকৃতপক্ষে কারা জড়িত ছিল সে তথ্যও জানা যায়নি। মূল পরিকল্পনাকারী হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে সেই আখতারুজ্জামান শাহীনকে এখনো গ্রেফতার করা যায়নি। শাহীনের পিএস পিন্টুও ধরা পড়েনি। ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, এমপি আনার হত্যার তদন্তে আরও কিছু নতুন তথ্য পেয়েছেন তারা। তদন্তের এ পর্যায়ে তারা সিআইডির ডিজিটাল ল্যাব থেকে গ্রেফতার শিমুল ভুঁইয়ার মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পেয়েছেন। একই সঙ্গে এমপি আনারের তদন্তের অংশ হিসেবে বিস্তারিত তথ্য চেয়ে ডিবির কাছে চিঠি পাঠিয়েছে কলকাতা সিআইডি। চিঠিতে আনারের ছবি, হত্যাকান্ডের আগে ও পরে তার মুভমেন্ট হিস্ট্রি, পাসপোর্টের বিদেশযাত্রার তথ্যসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হয়েছে। আর এই চিঠির পর আনারের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে শুরু করেছে ডিবির তদন্ত-সংশ্লিষ্টরা। ডিবির ভাষ্য, এমপি আনারের তিনটি পাসপোর্ট। এর মধ্যে লাল পাসপোর্ট ব্যবহার করে তিনি ভারতে প্রবেশ করেন। এ ঘটনায় গ্রেফতার হওয়া সিয়াম ভারতের সিআইডিকে জানিয়েছে, এমপি আনারের তিনটি পাসপোর্ট তার কাছে ছিল। জাতীয় প্রেস ক্লারের সামনে প্রতিবাদ সমাবেশ : এমপি আনারের হত্যাকারীদের শাস্তি দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন ঝিনাইদহ-৪ আসনের অধীন উপজেলা এবং ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান থেকে শুরু করে স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা। এই হত্যার রহস্য উন্মোচন করে এই ঘটনার পরিকল্পনাকারীসহ জড়িত সবার শাস্তি দাবিতে এমপি আনারের নির্বাচনি এলাকা থেকে জনপ্রতিনিধিরা আসেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এ সময় তাদের দাবি সংবলিত ব্যানার, পোস্টার নিয়ে মানববন্ধনে করেন তারা। এতে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান এবং সদস্যরাসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। ছিলেন এমপিকন্যা মুমতারিন ফেরদৌস ডরিনও। ডরিন বলেন, ‘বাবা হত্যার বিচারের দাবিতে এই সমাবেশ করছি।’ মানববন্ধনে উপস্থিত কালিগঞ্জ উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, এমপি আনারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ উপজেলার সব জনপ্রতিনিধি রাজপথে নেমেছেন। যারা এমপি আনারকে নৃশংসভাবে হত্যা করেছে দ্রুত তাদের বিচার চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights