বঙ্গবন্ধুর সমাধিতে বেজা’র নির্বাহী চেয়ারম্যানের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নবনিযুক্ত নির্বাহী চেয়ারম্যান (সচিব) ডা. মো. সারোয়ার বারী।

শনিবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এরপর সম্মান জানিয়ে বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টে শহীদসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন বেজা’র নতুন নির্বাহী চেয়ারম্যান।
এসময় বেজা’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হাসান, পরিচালক (পরিকল্পনা-৪) নাজমুল আলম, পরিচালক (পরিকল্পনা-৬) আসফিয়া সুলতানা, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বেজা’র নির্বাহী চেয়ারম্যান ডা. মো. সারোয়ার বারী বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights