শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পদত্যাগপত্র দিলেন জাবি শিক্ষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল করিম।

আজ বৃহস্পতিবার ই-মেইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে উপাচার্যের কাছে এ অব্যাহতিপত্র পাঠিয়েছেন তিনি।

অব্যাহতিপত্রে জাহিদুল করিম লেখেন, ‘দেশের সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য বাংলাদেশ সরকারের উদাসীনতা এবং শিক্ষকদের দলীয় মনোভাব আমাকে অনেক ব্যথিত করেছে। আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেছি এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সর্বদা পাশে থেকেছি। শিক্ষার্থীদের কোটা সংস্কারের একটি ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের বিরুদ্ধে সরকারের আগ্রাসী মনোভাবের কারণে অনেক সাধারণ শিক্ষার্থীর মূল্যবান জীবন দিতে হয়েছে। সরকার চাইলে দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নিতে পারতো, তাহলে এতো প্রাণহানির ঘটনা ঘটতো না। যে সকল শিক্ষার্থী নিহত হয়েছে, তাদেরকে নিয়ে তাদের পরিবারের অনেক স্বপ্ন ছিল। সন্তান হারানোর বেদনায় তারা আজ দিশাহারা। তাদের সাথে সাথে সমগ্র জাতি আজ শোকাহত।’
শিক্ষকদের ভূমিকা আজ জাতির কাছে প্রশ্নবিদ্ধ মন্তব্য করে তিনি উল্লেখ করে বলেন, ‘রাজনৈতিক দলীয়করণের কারণে শিক্ষক সমাজের বিবেক লোপ পেয়েছে, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক ভূলুণ্ঠিত হয়েছে। শহীদ সকল শিক্ষার্থী এবং আহত সকল শিক্ষক-শিক্ষার্থীর প্রতি আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা প্রকাশ করছি এবং তাদের জন্য দোয়া করছি। সমগ্র বাংলাদেশের শিক্ষক সমাজের মূল্যবোধ ও নৈতিকতা বোধকে জাগ্রত করতে আমি সহযোগী অধ্যাপক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাকরি হতে স্বেচ্ছায় অব্যাহতি ঘোষণা করছি।’

এ বিষয়ে জানতে চাইলে জাহিদুল করিম বলেন, ‘আমি স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি। অব্যাহতিপত্রে কারণ উল্লেখ করেছি এবং আমার বক্তব্য উপস্থাপন করেছি।’

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল করিমের অব্যাহতিপত্র পাওয়ার কথা নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights