চট্টগ্রামে কোটা আন্দোলনে গ্রেপ্তার ১৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলার বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার হওয়া ১৬ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ’র আদালত ১৩ জন ও চট্টগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের আদালত ৩ জনের জামিন মঞ্জুর করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন বলেন, কোটা ইস্যুতে নাশকতা ও হত্যা মামলায় গ্রেপ্তার ১৩ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে এইচএসসি পরীক্ষার্থী হিসেবে বিশেষ বিবেচনায় ১৩ জনের জামিন মঞ্জুর করেছেন। এই ১৩ শিক্ষার্থীর নাম জানা যায়নি। অন্যদিকে চট্টগ্রাম জেলার যে তিনজনের জামিন মঞ্জুর করা হয়েছে, তাদের বাড়ি লোহাগাড়া, রাউজান ও বাঁশখালী থানা এলাকায়।

জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, গ্রেপ্তার হওয়া ৩ জন এইচএসসি পরীক্ষার্থী পৃথকভাবে জামিন আবেদন করা হয়। আদালত শুনানি শেষে এইচএসসি পরীক্ষার্থী বিবেচনায় ২ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন। সাম্প্রতিক ঘটনায় অন্য কোনো এইচএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার হয়ে থাকলে দ্রুত অভিভাবকদেরকে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights