চলছে গ্রেপ্তার অভিযান

নিজস্ব ও আদালত প্রতিবেদক

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বিক্ষোভ, সংঘর্ষ, সংঘাত, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো নাশকতার ঘটনায় ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকার মেস, আবাসিক হোটেল, হামলাকারীদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও গোপন আস্তানা টার্গেট করে ব্লক ও টার্গেট রেইড দেওয়া হচ্ছে। রাজধানীতে এ পর্যন্ত ২৭৪টি মামলায় ৩ হাজার ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সহিংসতার ঘটনায় ঢাকাসহ সারা দেশে সহস্রাধিক মামলায় ১১ হাজারেরও বেশি গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে সারা দেশে অভিযান চালিয়ে ৩৮২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সংশ্লিষ্টরা বলছেন, গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রতিদিনই জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বেশির ভাগই জামায়াত ও বিএনপির নেতা-কর্মী। পুলিশ ও র‌্যাব বলছে, কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতায় অংশ নেওয়া ব্যক্তিদের টার্গেট করে প্রতিদিনই চিরুনি অভিযান চলছে। মদতদাতা ও বাস্তবায়নকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলন পুঁজি করে কৌশলে নাশকতাকারীরা অংশ নিয়ে পরিস্থিতি ঘোলাটে করে। গত ১৯ জুলাই রাতে ধ্বংসাত্মক এবং ভয়ংকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কারফিউ ঘোষণা করে সরকার।

সেতু ভবনে হামলা- আরিফের জামিন, মাহতাব কারাগারে, রিমান্ডে ফরহাদ : সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত। গতকাল আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক। এ দিন ছয় দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। ট্রান্সজেন্ডার ইস্যুতে আলোচিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকেও এদিন অভিন্ন মামলায় ছয় দিনের রিমান্ড শেষে একই আদালতে উপস্থিত করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এর আগে ২৯ জুলাই তাদের দুজনকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
এ ছাড়া সেতু ভবনে হামলার এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন আসামি ফরহাদ হালিমকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিটিভি ভবনে হামলার মামলায় কারাগারে এ্যানী : বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ তিনজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন- গোলাম দস্তগীর প্রিন্স ও এ বি এম খালিদ হাসান। গতকাল সাত দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৫ জুলাই বিকালে নিউ এলিফ্যান্ট রোড থেকে এ্যানীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মেট্রোরেলে হামলায় জাহাঙ্গীরসহ দুজন কারাগারে : কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় যুবদলের সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীর ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ছেলে ওমর শরীফকে দুই দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ। গত ৩০ জুলাই মেট্রোরেলে ভাঙচুর মামলায় তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত। এর আগে ২৫ জুলাই উত্তরা পূর্ব থানার এক নাশকতার মামলায় এ দুজন পাঁচ দিনের রিমান্ড ভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights