সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার নিকুঞ্জের বাড়িতে হামলা, ভাঙচুর

অনলাইন ডেস্ক
সাবেক ডিমএপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার নিকুঞ্জ-২ এর বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। ইনসেটে আছাদুজ্জামান মিয়া।

ঢাকা মহানগর পুলিশের (ডিমএপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার ঢাকার নিকুঞ্জ-২ এর বিলাসবহুল ট্রিপ্লেক্স বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

এসময় ক্ষুব্ধ জনতা পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে ‘মহাদুর্নীতিবাজ’, ‘বহু লোককে গুম-খুনের মাস্টারমাইন্ড’ বলে গালিগালাজ করেন। তবে এসময় বাড়িটিতে কেউ ছিল না। প্রধান ফটক তালাবন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে কমপক্ষে পঞ্চাশ জন বিক্ষুব্ধ জনতা এ হামলা-ভাংচুর চালায়। এরপর বিক্ষুব্ধ জনতা ‘আছাদুজ্জামান তুই আর কতদিন পালিয়ে থাকবি’, ‘শেখ হাসিনার দালাল তুই’ ‘ঘুষখোর’, ‘টাকা চোর’, ‘ডিএমপিকে শেষ করেছিস’ ইত্যাদি বলে চলে যায়।
জানা গেছে, নিকুঞ্জ-২ এর বাড়িটি আছাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে করা হয়েছে। বিলাসবহুল বাড়িটিতে তারা থাকতেনও অনেকটা লুকিয়ে। প্রতিবেশী বাড়িগুলোর সঙ্গে খুব একটা আলাপ হতো না তাদের।

হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে অভিযুক্ত আছাদুজ্জামান ছোট ছেলের নিকুঞ্জের বাড়িতে থাকেন বেশি। তবে শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে আন্দোলন জোরালো হওয়ার পর তাকে দেখা যায়নি বলে স্থানীয়রা জানান।

সম্প্রতি, আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের নামে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক বলে অভিযোগ ওঠে। একাধিক জাতীয় দৈনিকে সংবাদ আসার পর আছাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের অনুসন্ধান করতে দুদকে অভিযোগ জমা পড়ে।

তবে দুর্নীতিবিরোধী সংস্থাটি রহস্যজনক কারণে দুর্নীতির উপযুক্ত নথিপত্র পেয়েও আছাদুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে নামেনি। সুপ্রিম কোর্টের এক আইনজীবী সাবেক ডিএমপি কমিশনারের অবৈধ সম্পদের দ্রুত অনুসন্ধান চেয়ে দুদককে নোটিশও দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights