হারানো মোবাইল ফোন উদ্ধার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া থানার বিভিন্ন এলাকা থেকে হারানো ও চুরি যাওয়া ২৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১টি মিনি ট্যাব উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। গত ১৫ দিনে অভিযান চালিয়ে উদ্ধার হওয়া এ মোবাইলগুলো আজ মঙ্গলবার বিকেলে ভুক্তভোগীদের কাছে তুলে দেন হালুয়াঘাট ধোবাউড়া সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার সাগর সরকার।

জানা গেছে, হালুয়াঘাট-ধোবাউড়া থানায় মোবাইল হারানোর জিডি হয়। জিডি নিয়ে নিয়মিত কাজ করে পুলিশের একটি চৌকস টিম। সেই জিডিগুলোর প্রেক্ষিতে পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল উক্ত হারানো অথবা চুরি যাওয়া মোবাইলগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে।

মোবাইল ফোন ফেরত পেয়ে উপজেলার শাকুয়াই এলাকার আঃ ছোবহান বলেন, আমার মোবাইল ফোনটি হারিয়ে গেলে আমি থানায় জিডি করি। ভেবেছিলাম জিডি পর্যন্তই শেষ। ফোনটি ফিরে পাবো আশা করিনি। কিন্তু হঠাৎ সার্কেল কার্যালয় থেকে আমাকে ফোন দিয়ে জানায় যে আমার হারানো মোবাইলটি তারা উদ্ধার করেছে। আজ হারানো মোবাইলটি হাতে পেয়েছি। খুব ভালো লাগছে। পুলিশের এই অবদানকে ধন্যবাদ জানাতে হয়।
হস্তান্তর প্রক্রিয়া শেষে বিষয়ে পুলিশের সহকারী সিনিয়র পুলিশ সুপার সাগর সরকার জানান, চুরি যাওয়া মোবাইলগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করা হয়েছে। গত তিন মাস ধরে হালুয়াঘাট ধোবাউড়া থানা এলাকায় যে সকল চুরি বা হারিয়ে যাওয়া মোবাইলের ঘটনায় থানায় সাধারন ডায়েরি হয়েছিল, সে সকল ডায়েরি মূলেই এ মোবাইলগুলো উদ্ধার করা হয়। মোবাইল উদ্ধারে বিশেষ একটি টিম গঠনের কথাও জানান তিনি। এ সময় হালুয়াঘাট ধোবাউড়া সার্কেলের কর্মরত অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights