বগুড়ায় ইজারার নামে চাঁদাবাজি, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শাজাহানপুরের ফুলতলা এলাকায় কাঁচাবাজার থেকে খাজনার নামে চাঁদাবাজির সময় হাতেনাতে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল শুক্রবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন উপজেলার ফুলতলা এলাকার আমজাদ হোসেনের ছেলে মোবারক আলী (১৮), কলোনি চক ফরিদ এলাকার মৃত ইসাহাক আলী শেখের ছেলে সামসাদ আলী (৩৮) এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার নন্দীকুজা গ্রামের আবু তাহেরের ছেলে সৈকত মাহামুদ (২১)। আওয়ামী শাসনামল থেকেই তারা ফুলতলা এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে খাজনার নামে অতিরিক্ত চাঁদা আদায় করতেন। সরকার পতনের পরও তারা চাঁদাবাজি চালিয়ে যাচ্ছিলেন।

জানা যায়, শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতরা কাঁচাবাজারে ব্যবসায়ীদের কাছে খাজনার নামে চাঁদা দাবি করেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে ওই তিনজনকে আটক করেন। এ সময় নান্টু মিয়াসহ বেশ কয়েকজন পালিয়ে যায়। এছাড়া এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, জমি দখলসহ আরও বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জিড়ত থাকার অভিযোগ ছিলো সামসাদের বিরুদ্ধে। তার অত্যাচারে অতিষ্ট ছিলা এলাকাবাসী। তার গ্রেফতারের খবরে কলোনি এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফেরায় মিষ্টি বিতরণ করা হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ফুলতলা বাজার এলাকায় চাঁদাবাজির খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেন। পরে আমাদের কাছে হস্তান্তর করা হয়। রবিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights