এবার ইউক্রেনের আকাশে ৬ রুশ বেলুন শনাক্ত

অনলাইন ডেস্ক

বেলুন কাণ্ডে চীন ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে এবার কিয়েভের আকাশে ছয়টি রুশ বেলুন শনাক্ত করেছে ইউক্রেন। বেলুন গুলো শনাক্তের পর ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তা ভূপাতিত করেছে বলে দাবি করেছে কিয়েভের সামরিক প্রশাসন।

এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গতকাল বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসন টেলিগ্রামে এক পোস্টে বলেছে, যাচাই করা তথ্য অনুসারে বেলুনগুলো আকাশে বায়ু দ্বারা চালিত হচ্ছিল। এই বেলুনগুলো ওড়ানোর লক্ষ্য ছিল সম্ভবত আমাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত ও অতিষ্ঠ করা।

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, বেলুনগুলোতে কোণ প্রতিফলক এবং নজরদারি চালানোর সরঞ্জাম ছিল। তবে কবে এগুলো কিয়েভের আকাশে উড়ছিল তা স্পষ্টভাবে বলা হয়নি। অবশ্য বুধবার কিয়েভে বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়েছিল।

সূত্র : রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights