বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলেন বিসিএস (কর) ক্যাডারের কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক
দেশের দুর্যোগময় পরিস্থিতিতে বন্যাপীড়িত মানুষের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিএস (কর) ক্যাডারের কর্মকর্তারা।

গতকাল শনিবার বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের সভাপতি মো. লুৎফুল আজীম ও মহাসচিব শেখ শামীম বুলবুল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিন ধরে বাংলাদেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলের ক্ষেত, ভেসে গেছে গবাদি পশু ইত্যাদি। বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া গেছে, গ্রামীণ দোকানপাটগুলোও পানিতে ডুবে আছে। ফলে কেনার মতো শুকনা খাবারেরও সংকট রয়েছে। এ পরিস্থিতিতে বন্যাপীড়িত মানুষের সার্বিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাসোসিয়েশন নিজস্ব ব্যবস্থাপনায় বন্যার্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রমেও (যেমন-শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পরিধেয় পোশাক, নিত্য ব্যবহার্য জিনিস) অংশ নিচ্ছে। এছাড়া একটি বিশেষ স্বেচ্ছাসেবক টিম গঠনের মাধ্যমে স্বশরীরে বন্যাপিড়ীত এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশ নেবে। এ উদ্দেশ্যে বন্যার্তদের সহায়তা কার্যক্রম তদারকির নিমিত্তে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। দেশের যে কোনো দুর্যোগময় পরিস্থিতিতে বা ক্রান্তিলগ্নে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগ সবসময় মানুষের পাশে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights