বরগুনায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত
গোবিন্দ মালাকার, বরগুনাঃ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বরগুনায় প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ২৬আগষ্ট সোমবার বেলা সারে ১১টার দিকে সার্বজনীন আখড়া মন্দির প্রঙ্গনে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলা কমিটির আয়োজনে জন্মাষ্টমী পালিত হয়েছে।
পুরাণের বর্ণনায়, দ্বাপর যুগের শেষ দিকে মথুরার অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দী দৈবকীর কোলে মধ্যরাতে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ এই মহাপূর্ণ্য শ্রাবণের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। সনাতন ধর্মে বিশ্বাসীরা পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্ম তারিখে উদযাপন করে জন্মাষ্টমী।
সনাতন ধর্মমতে, পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুন্দরকে দমন করে জাতিকে রক্ষা এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য স্বর্গ থেকে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে পৃথিবীতে। অন্যায়ের অবসান ঘটানোই দিবসটির মূলকথা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম। বরগুনা জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট সুশান্ত কুমার বেপারীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব জয়দেব রায়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস, বরগুনা রামকৃষ্ণ সংঘের উপদেষ্টা ডাঃ ধীরেন্দ্র নাথ সরদার, বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান, সার্বজনীন আখড়া কমিটির সভাপতি সন্তোষ কর্মকার, বরগুনা ইসকন রাধাদামোদর মন্দিরের অধ্যক্ষ সর্বমঙ্গল মাধব দাস, বাংলাদেশ সেবাশ্রমের উপদেষ্টা বাদল কৃষ্ণ দেবনাথ এবং বরগুনা পৌরসভার সাবেক কাউন্সিলার ও জেলা বিএনপি’র সদস্য আতাউর রহমান বাবুল প্রমূখ। অনুষ্ঠানে সনাতন ধর্মালম্বীদের মঠ, মন্দির ও সংঘের শতশত ধর্মপ্রান মানুষ অংশগ্রহন করেন এবং মহাপ্রসাদ গ্রহন করেন।
বন্যাদূর্গতদের সহযোগিতার জন্য বরগুনায় জন্মাষ্টমীর অনুষ্ঠানের ব্যায় সংকোচন করে বন্যাদূর্গতদের জন্য জেলা প্রশাসনের ত্রাণ তহবিলের মাধ্যমে এই অর্থ প্রেরণ করা হবে।
