শেখ হাসিনাকে এক দিনের জন্য হলেও আয়নাঘরে রাখা হোক: ফারুক

অনলাইন ডেস্ক
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বলেছেন, “শেখ হাসিনা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। আপনার কাছে দাবি থাকবে, তাকে দেশে এনে আইনের মাধ্যমে বিচার করা হোক। এক দিনের জন্য তাকে আয়নাঘরে রাখা হোক, এক-দুই দিনের জন্য হলেও তাকে জেলে রাখা হোক।”

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে শেখ হাসিনার ফাঁসির দাবিতে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনার উদ্দেশে ফারুক বলেন, “সাঈদের মৃত্যুর পর আপনি বলেছিলেন এরা রাজাকারের সন্তান। মুগ্ধ, মিন্টুর মৃত্যুর পর আপনি বলেছিলেন কারো ক্ষমতা নাই আমাকে এখান থেকে সরানো, আমি লৌহমানব, আমি শেখ মুজিবের কন্যা, আমাকে দেশ থেকে কেউ বিতাড়িত করতে পারবে না। কোথায় শেখ হাসিনা? আপনি বাংলাদেশে নাই।”
তিনি বলেন, “বাংলাদেশের মানুষ খেতে পায় না। আর শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে তার নিরাপত্তার জন্য বিদেশ থেকে গাড়ি আমদানি করে। বিদ্যুতের বিল বাড়িয়েছে রিকশাচালক গরিব মানুষ বিদ্যুতের বিল দিতে পারে না। এই বিদ্যুতের বিলের হাজার হাজার কোটি টাকা এখনো নসরুল হামিদের কাছে আছে।

তিনি বলেন, “ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন শেখ হাসিনার অত্যাচারের কথা বললেও শেষ হবে না।”

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা আপনার কাছে কিছুই চাই না। আমরা যেন দুমুঠো ভাত খেয়ে জীবন যাপন করতে পারি। ঘরের দরজা খুলে নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারি। আমাকে যেন বিদ্যুতের অতিরিক্ত বিল না দিতে হয়। আপনার কাছে এটাই চাই।”

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. সমীর দেওয়ানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন- বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেসারুল হক, কৃষকদলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের সভাপতি সেলিম রেজা বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন বকাউল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights