‌‘গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই’

নরসিংদী প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের আর রাজনীতি করার নৈতিক অধিকার নেই। এই দলকে চিরদিনের জন্য বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। তাদের নিবন্ধন বাতিল করতে হবে। এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছি। পাশাপাশি বেগম খালেদা জিয়া ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে।

নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ২ পরিবারকে আর্থিক অনুদান প্রদান উপলক্ষে স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর উপজেলার করিমপুরে এবং বিকালে শহরের তরোয়া এলাকায় নিহতের দুই পরিবারকে নগদ এক লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়েজ সরকার করিমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় ডকইয়ার্ড শ্রমিক ছিলেন। এ ছাড়া নিহত ডা. সজিব সরকার শহরের তরোয়া এলাকার হালিম সরকারের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ প্রভাষক ছিলেন।

খায়রুল কবির খোকন আরও বলেন, আমরা মনে করি আগামী ৬ মাস কিংবা এক বছর পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে ভোটদান করতে পারবেন।

করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজলের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, জেলা যুবদল সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা আব্দুল রউফ ফকির রনি ও জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights